মশার ওষুধ ছিটাতে টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই সিটি করপোরেশনের দাবি, পর্যাপ্ত মশার ওষুধ ছিটানো হচ্ছে। নগরবাসী তা মানতে নারাজ। ছবিটি জাতীয় প্রেসক্লাব থেকে তোলা৷  প্রথম আলো
দুই সিটি করপোরেশনের দাবি, পর্যাপ্ত মশার ওষুধ ছিটানো হচ্ছে। নগরবাসী তা মানতে নারাজ। ছবিটি জাতীয় প্রেসক্লাব থেকে তোলা৷ প্রথম আলো

মশা নিধনে সিটি করপোরেশনের পক্ষ থেকে কেবল প্রধান সড়ক ও গলিতে ওষুধ ছিটানো হয়। দুই সিটি করপোরেশনের কর্মীরা ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটাতে ছিটাতে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যান। বাসাবাড়ির আনাচকানাচে ওষুধ দেওয়া হয় না। তবে কিছু টাকা হাতে ধরিয়ে দিলে পাওয়া যায় এই সেবা। বাড়ির আয়তনভেদে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত নেওয়া হয়। টাকা যায়, কিন্তু মশা আর মরে না।

কয়েক মাস ধরে রাজধানীতে মশার প্রকোপ বেড়েছে। সম্প্রতি উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১৯টি এলাকাকে চিকুনগুনিয়া বিস্তারের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে মশা নিধনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আগের তুলনায় বেশি করে দেওয়া হচ্ছে মশার ওষুধ। কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না।

বিভিন্ন এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, রাস্তা দিয়ে ওষুধ দিলেও মশা মরে না। উল্টো মশাগুলো পালিয়ে বাসার ভেতরে আসে। তখন বাসায় মশার উপদ্রব বেড়ে যায়।

গ্রিন রোডের শাইনপুকুর গলির এক বাসায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন লোকমান হাকিম। তিনি বলেন, সম্প্রতি দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মীরা পাশের প্রধান সড়কে মশার ওষুধ ছিটিয়েছে। কিন্তু গলিটিতে প্রবেশ করেননি। তিনি ওই কর্মীদের কাছে গিয়ে তাঁদের গলি ও বাসায় মশার ওষুধ ছিটানোর অনুরোধ করেন। তখন ডিএসসিসির কর্মীরা বলেন, ১৫০ টাকা দিলে তাঁরা বাসায় ওষুধ ছিটিয়ে আসবেন।

একই অভিযোগ পাওয়া যায় কলাবাগানের ডলফিন গলিতে গিয়ে। সেখানকার চা-দোকানি মনির হোসেন বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রায়ই এলাকায় মশা নিধনে ওষুধ দেওয়া হয়। তবে তা শুধু রাস্তায়। কেউ যদি বাসায় ওষুধ দিয়ে নিতে চায় তাহলে টাকা গুনতে হয়। কারও কাছ থেকে ১০০, আবার কারও কাছে থেকে ১৫০ টাকা নেওয়া হয়।

ঝুঁকিপূর্ণ ১৯ এলাকার মধ্যে ধানমন্ডি ১ নম্বর রোড ও মিন্টো রোডেও একই ধরনের অভিযোগ পাওয়া যায়। ধানমন্ডি ১ নম্বর রোডের বাসিন্দা হাবিবুল্লাহ প্রথম আলোকে বলেন, বাসার চারপাশে ওষুধ দেওয়ার কথা বললে সিটি করপোরেশনের লোকেরা বলেন, এটা তাঁদের কাজ নয়। তবে কিছু টাকা হাতে ধরিয়ে দিলে সব জায়গায় ঠিকমতো ওষুধ ছিটিয়ে যান। মিন্টো রোডের পাশে আনসার কোয়ার্টারের ভেতরে ওষুধ দিতে বললেও টাকা দাবি করা হয় বলে জানান কয়েকজন আনসার সদস্য।

ধানমন্ডি ১ নম্বর রোড ডিএসসিসির ১৫ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। যোগাযোগ করা হলে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন বলেন, দু-একজন টাকা নিলে নিতে পারে। বাসায় ওষুধ দেওয়া সিটি করপোরেশনের কাজ নয়।

দক্ষিণের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও একই রকম অভিযোগ পাওয়া গেছে। মগবাজার এলাকা ডিএনসিসির ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। মগবাজারের নয়াটোলার বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘এমনিতেই এই এলাকায় মশা বেশি। বাসার সামনের গলিতে ময়লা জমে থাকে। সেখানে জন্মানো মশা বাসার ভেতরে আসে। কয়েল দিয়ে তো এগুলো তাড়ানো যায় না। তাই বাসায় মশার ওষুধ দিতে টাকা দিয়েছি।’ কিন্তু তাতেও কোনো কাজ হয়নি বলে জানান তিনি। বলেন, ওষুধ দিলেও মশা মরে না। কিছুক্ষণের জন্য মশার উৎপাত কমে। কয়েক ঘণ্টা পর আবার ফিরে আসে।

ওই ওয়ার্ডের কাউন্সিলর মোক্তার সরদার বলেন, টাকা নিলেও নিতে পারে। অনেক সময় দেখা যায় যাদের বাসায় ময়লা বেশি তারা জোর করে টাকা দিয়ে ওষুধ ছিটিয়ে নেয়।

টাকা চাওয়ার অভিযোগ প্রসঙ্গে যোগাযোগ করা হলে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহ‌উদ্দিন বলেন, কখন, কোথায়, কারা টাকা নিচ্ছে—সে বিষয়ে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসানকে পাওয়া যায়নি।