মসজিদে ককটেল বিস্ফোরণ মাদ্রাসাছাত্র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি হাফিজিয়া মাদ্রাসা মসজিদে গতকাল শুক্রবার ভোরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ওই মাদ্রাসার এক ছাত্রকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল ভোরে ওই মসজিদে ককটেলের বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে এলাকাবাসী সেখানে ছুটে যান। তাঁরা দেখেন, ককটেল বিস্ফোরণে মসজিদের দেয়ালে টাইলসের কিছু অংশ ফেটে গেছে। একপর্যায়ে এলাকাবাসী মসজিদের বাইরে এক জোড়া স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। এরপর এলাকাবাসী ওই মাদ্রাসার ছাত্রাবাসে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, স্যান্ডেল জোড়া মাদ্রাসাটির ছাত্র আবদুর রশিদের। পরে এলাকাবাসী তাকে আটক করে রাখে। বিকেলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল হামলার কিছু নমুনা উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ওসি আবদুল হাই তালুকদার জানান, জিজ্ঞাসাবাদে রশিদ জানিয়েছে, সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে ককটেল হামলা চালিয়েছে। কিছুদিন আগে এক আত্মীয়ের বিয়েতে গিয়ে সেখানে সে ককটেল বানানো শিখেছিল। তবে ঘটনাটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করা যাচ্ছে না। এর নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। এ ঘটনায় মামলা হয়েছে।