মসজিদে ঢুকে খাদেমকে রড দিয়ে পিটিয়ে জখম
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার নূর মসজিদের খাদেম মো. ইব্রাহিমকে (৪৩) পিটিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাতে মসজিদের ভেতরে নিজ কক্ষে ঘুমন্ত অবস্থায় তাঁকে পিটিয়ে জখম করা হয়।
ইব্রাহিমকে শহরের খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক সার্জন মাহবুব হায়দার শামীম বলেন, ইব্রাহিমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রড বা ভারী অন্য কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। তিনি এখনো শঙ্কামুক্ত নন।
মোহাম্মদ ইব্রাহিম বলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের পাশে নূর মসজিদে ২৭ বছর ধরে খাদেমের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে তিনি কয়েক বছর এ মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। চারতলা মসজিদ ভবনের নিচতলায় মার্কেট, অজুখানা, দোতলা ও তিনতলায় নামাজের জায়গা। চারতলায় এখনো নির্মাণকাজ চলছে। মঙ্গলবার রাতে মসজিদের অজুখানার পাশে একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন তিনি (ইব্রাহিম)। রাত তিনটার দিকে তিন তরুণ তাঁর কক্ষে ঢুকে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। তরুণেরা রড দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। পরে তরুণেরা বাইরে থেকে কক্ষের দরজায় তালা দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁর (ইব্রাহিম) চিৎকার শুনে নিরাপত্তাপ্রহরী এক তরুণকে জাপটে ধরেন। তবে নিরাপত্তাপ্রহরীকে ধাক্কা দিয়ে পালিয়ে যান ওই তরুণ। পরে নিরাপত্তাপ্রহরী ও আশপাশের লোকজন তাঁকে গুরুতর অবস্থায় ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যান। ইব্রাহিম বলেন, ‘হামলা করার মতো এমন কোনো শত্রু আমার জানামতে নেই। আমি হামলাকারী কাউকে চিনতে পারিনি।’ হামলার ঘটনায় ঝামেলা এড়াতে তিনি থানায় মামলা করবেন না বলেও জানিয়েছেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ইব্রাহিম নূর মসজিদের খাদমগিরির পাশাপাশি মসজিদের সামনে চা-বিস্কুটের দোকান চালাতেন। ওই দিন রাত একটার দিকে তিনি দোকান বন্ধ করে ঘুমাতে যান। ওসি বলেন, পূর্বশত্রুতা থেকে তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।