মসজিদে ঢুকে দুজনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার ভাইজোড়া গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার রাতে মসজিদে ঢুকে বাচ্চু শিকদার (৫২) ও তাঁর ভাইয়ের ছেলে নাজমুল হুদাকে (২৮) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের সোহেল হাওলাদার (২৬) ও জালাল খানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা-পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, ভাইজোড়া গ্রামের শিকদার বাড়ির বায়তুন নূর জামে মসজিদের পাশে একই গ্রামের রাসেল হাওলাদার নামের এক যুবক জুয়ার আসর বসাতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নাজমুল হুদা রাসেলকে মসজিদের আশপাশে জুয়ার আসর বসাতে নিষেধ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে রাত আটটার দিকে রাসেলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক রামদা, ছ্যানা ও লাঠি নিয়ে নাজমুল হুদাকে তাড়া করেন। এ সময় নাজমুল হুদা আত্মরক্ষার্থে মসজিদে ঢুকে পড়লে যুবকেরা সেখানে গিয়ে তাঁকে কুপিয়ে জখম করেন। নাজমুলকে রক্ষা করতে তাঁর চাচা বাচ্চু শিকদার এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে জখম করে চলে যান তাঁরা। এরপর স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। ওই রাতেই বাচ্চু শিকদারকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বাচ্চু শিকদারের ভাই জাহাঙ্গীর শিকদার বাদী রাসেল হাওলাদারকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে স্থানীয় থানায় মামলা করেন।
মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়ার জন্য মুসল্লিরা মসজিদে উপস্থিত হন। এ সময় ১২ থেকে ১৫ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে দুজনকে কুপিয়ে জখম করেন। ঘটনার সময় মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা আতঙ্কিত হয়ে পড়েন।
পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনীক দেউড়ি বলেন, বাচ্চু শিকদারের মাথা ও শরীরে জখম হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর ডান কানের কিছু অংশ কেটে গেছে।
মামলার তদন্ত কর্মকর্তা পিরোজপুর সদর থানার উপপরিদর্শক বিকাশ চন্দ্র দাস বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গতকাল শুক্রবার গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।