মসজিদে ঢুকে মুসল্লিকে হাতুড়িপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের ভেতরে ঢুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মানিক মিয়া (৪৫) নামের এক মুসল্লিকে আহত করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
এতে জড়িত থাকার অভিযোগে পৌর শহরের মাঝপাড়া এলাকার ফারুক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত মানিক মিয়া কাপড় ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিক এশার নামাজ আদায় করার জন্য কেন্দ্রীয় জামে মসজিদে যান। পূর্বশত্রুতার জের ধরে নামাজ পড়া অবস্থায় তাঁকে পেছন থেকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকেন ফারুক। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে ফারুক পালিয়ে যান।
স্থানীয় লোকজন মসজিদের ভেতর থেকে তাঁকে উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মানিকের ভাই দিলাশ মঙ্গলবার রাতে ফারুকের বিরুদ্ধে মামলা করেছেন।
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার দুপুরে ফারুককে আদালতে পাঠানো হয়েছে।