মসজিদে ঢুকে হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ
পূর্বশত্রুতার জের ধরে মাগুরার শালিখা উপজেলার গজদূর্বা গ্রামে মসজিদে ঢুকে গত বৃহস্পতিবার আয়ুব হোসেন (৫৫) নামের এক কৃষককে হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাঁকে মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে গজদূর্বা গ্রামে দুটি পক্ষ রয়েছে। এক পক্ষের নেতৃত্ব দেন আবদুর রাজ্জাক। অন্য পক্ষে রয়েছেন মেহেদী হাসান।
আহত আয়ুব হোসেন বলেন, গত বৃহস্পতিবার ভোরে গ্রামের মসজিদে নামাজ পড়ছিলেন। তখন আবদুর রাজ্জাকের সমর্থক কায়েম হোসেন, আলিয়ার রহমান, বাবলু, সায়েমসহ ৮-১০ জনের একটি দল মসজিদে ঢুকে তাঁকে পেছন থেকে লোহার রড দিয়ে মারপিট শুরু করে।
মাগুরা সদর হাসপাতালের অর্থোপেডিক সার্জন চিত্তরঞ্জন রায় বলেন, আয়ুব হোসেনের হাত ও পায়ের হাড়ে চিড় ধরায় প্লাস্টার করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। তাঁর সুস্থ হতে সময় লাগবে।
এ বিষয়ে জানতে গতকাল শুক্রবার আবদুর রাজ্জাকের মুঠোফোনে যোগাযোগ করা হলেও বন্ধ পাওয়া যায়। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম গতকাল বিকেলে বলেন, ঘটনাটি শুনেছি। তবে কেউ এখনো মামলা করেনি।