মসজিদে বরাদ্দ টিআরের টাকা আত্মসাৎ করলেন জনপ্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় মসজিদে বরাদ্দ হওয়া টিআরের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় জনপ্রতিনিধি নজরুল ইসলামের বিরুদ্ধে। উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের মসজিদের ক্ষেত্রে এ ঘটনা ঘটেছে।

জেলা প্রশাসকের স্বাক্ষরিত টাকা ছাড়করণ পত্রে দেখা গেছে, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের সাধারণ কর্মসূচির আওতায় লোহাগড়া উপজেলায় ২০১৬-১৭ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ে ২২টি প্রকল্পে টাকা বরাদ্দ হয়। এর মধ্যে ১৭ নম্বর প্রকল্প চরদৌলতপুর উত্তরপাড়া জামে মসজিদ সংস্কারে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। গত ২৫ মে এই অর্থ ছাড় করা হয়। কাজ শেষ করার মেয়াদ ছিল ৩০ জুন।

এই প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন। অন্য তিনজন সদস্য হলেন চরদৌলতপুর গ্রামের সেলিম ফকির, জমির শেখ ও লোকমান সরদার। নজরুল ইসলাম মে মাসের শেষ সপ্তাহেই ওই টাকা তুলে নিয়ে গেছেন।

১৬ জুলাই ওই মসজিদ এলাকায় সরেজিমনে জানা গেছে, বরাদ্দের ৫০ হাজারের মধ্যে ১৫ হাজার টাকা মসজিদ কর্তৃপক্ষকে দিয়েছেন ইউপি সদস্য নজরুল ইসলাম। আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে মুসল্লিরা এ প্রতিবেদকের কাছে ওই পরিমাণ টাকা বরাদ্দের কথা শুনে বিস্ময় প্রকাশ করেন। অনেকে মন্তব্য করেন, মসজিদের টাকাও এরা মেরে খায়! এই টাকা আদায় করতে হবে বলেও মন্তব্য করেন কয়েকজন। পিআইসির অন্য সদস্যরা বলেন, এ প্রকল্প কমিটিতে তাঁরা যে আছেন, তা তাঁরা জানেন না।

এ সময়ে মসজিদের কোষাধ্যক্ষ মোস্তাক আহমেদ বলেন, ওই ইউপি সদস্য ১৫ হাজার টাকা দিয়েছেন। এ বিষয়ে জানতে, গতকাল শুক্রবার সকালে মুঠোফোনে কথা হয় নজরুল ইসলামের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘মসজিদ সংস্কার হচ্ছে। ওই ৫০ হাজার টাকা দিয়ে মালামাল কেনাকাটা করে ১৫ হাজার টাকা বেঁচেছে। সেই টাকা মসজিদের কোষাধ্যক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। আমি টাকা আত্মসাৎ করিনি।’

নজরুল ইসলামের এই মন্তব্যে বিস্ময় প্রকাশ করেন মসজিদ কমিটির সদস্যরা। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক লোকমান সরদার গতকাল প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘প্রকল্প বাস্তবায়ন কমিটিতে আছি, তা এখন পর্যন্ত আমি জানি না। মসজিদের বর্তমানে উন্নয়ন চলছে এলাকার লোকজনের বাধ্যতামূলক চাঁদা ও অনুদানের টাকায়। এই মসজিদে এ পর্যন্ত ওই ১৫ হাজার টাকা ছাড়া আর কোনো সরকারি টাকা পাওয়া যায়নি। ওই ইউপি সদস্য নিজে আমার কাছে প্রায় দেড় মাস আগে ১৫ হাজার টাকা দিয়েছেন। টাকা নিতে না চাইলে, তিনি তখন বলেছিলেন, টাকা না নিলে এই টাকাও ফেরত চলে যাবে।’

এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন বলেন, ‘জুন মাসে সব প্রকল্প দেখা সম্ভব হয়নি। এখন দেখব, ব্যবস্থা নেব।’