মসজিদের উন্নয়নকাজে বাধা দেওয়ার অভিযোগ
ঢাকার দক্ষিণখান ইউনিয়নের গুলবর মুন্সি সরণি রোডের পূর্ব আজমপুর জামতলা এলাকায় একটি মসজিদের নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী ও মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে পূর্ব আজমপুর জামতলা এলাকায় বায়তুল মামুর নামে ওই জামে মসজিদ নির্মাণ শুরু হয়। সে সময় এলাকার হাফিজ উদ্দিন সাড়ে তিন কাঠা এবং কবরস্থানের জন্য আড়াই কাঠা জমি ওয়াক্ফ করেন। পরবর্তী সময়ে এলাকার আবদুল ছালাম ও আবদুল মালেক মসজিদের জন্য আরও চার কাঠা জমি ওয়াক্ফ করেন। এভাবে কবরস্থান বাদে মসজিদের জমির পরিমাণ দাঁড়ায় আট কাঠার একটু বেশি। এলাকার মুসল্লিদের অনুদানের টাকায় পাঁচ কাঠা জমির ওপর মসজিদ ভবন নির্মাণের কাজ শুরু হয়। বর্তমানে দোতলার কাজ শেষ হয়েছে। ২০০৮ সালের দিকে মসজিদের মোতোয়াল্লির মৃত্যুর পর অছিয়তনামা অনুযায়ী তাঁর জামাতা আজিজ মিয়ার মোতোয়াল্লি হওয়ার কথা। কিন্তু এলাকার মো. ফিরোজ মিয়া নিজেকে মোতোয়াল্লি ঘোষণা করেন। এরপর তিনি নিজেকে মসজিদের একটি অংশের মালিক ঘোষণা করে জায়গাটি একটি মাদ্রাসার কাছে ভাড়া দেন। এ ছাড়া অন্যান্য খাত থেকে তিন বছরে মসজিদের আয়ের ১৭ লাখ ৭৯ হাজার ৬৩২ টাকা ফিরোজের কাছে জমা আছে। ওই টাকাও তিনি মসজিদের তহবিলে জমা দিচ্ছেন না।
ফিরোজ মিয়া মুঠোফোনে গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, তিনি মসজিদের কাজে বাধা দেননি। যে জায়গার কাজ বন্ধ করা হয়েছে, সেটি কবরস্থানের জায়গা।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী বলেন, ফিরোজ মিয়ার জামাতা মনির হোসেন স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের কর্মী। সেই দাপট দেখিয়ে ফিরোজ মিয়া মসজিদের কাজ করতে দিচ্ছেন না।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নাসির আহমেদ প্রথম আলোকে বলেন, মসজিদে মুসল্লিদের জায়গা হয় না। তাই তৃতীয় তলার কাজ করা প্রয়োজন। কিন্তু কাজ শুরু করলেই ফিরোজ মিয়া বাধা দেন। কমিটির সভাপতি শাহ আলম ভূইয়া জানান, মসজিদের কাজ করতে গেলে পুলিশ নিয়ে বাধা দেন ফিরোজ।