মসজিদের উন্নয়নকাজে চেয়ারম্যানের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউপির চেয়ারম্যান যুবলীগের নেতা সৈকত গুহ পিকলুর বিরুদ্ধে দক্ষিণ কাসেমাবাদ গ্রামে আকন বাড়ি জামে মসজিদের উন্নয়নকাজে বাধা এবং মসজিদের ইমাম ও অবসরপ্রাপ্ত এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।
অবসরপ্রাপ্ত শিক্ষক ও মসজিদ কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মো. শাহজাহান অভিযোগ করে বলেন, কয়েক দিন ধরে কাসেমাবাদ গ্রামের আকন বাড়ির জামে মসজিদের উন্নয়নকাজ শুরু হয়েছে। গত শনিবার মসজিদের সামনে পথচারী ও যানবাহনের যাত্রীদের কাছ থেকে মাইকে সাহায্য প্রার্থনা করে অর্থ আদায় করছিলেন মসজিদের লোকজন। এ সময় ‘মুক্ত হস্তে দানের’ জন্য একটি মাইক ও ব্যানার টাঙানো হয়। শুধু স্থানীয় লোকজনই নন, যাত্রাপথেও অনেকেই মসজিদের উন্নয়নে দান করছেন।
গত শনিবার বেলা সাড়ে তিনটার দিকে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ঘটনাস্থলে পৌঁছে ‘কার হুকুমে মসজিদের নামে টাকা তোলা হচ্ছে’ জানতে চান। এ নিয়ে সেখানে বাগ্বিতণ্ডার একপর্যায়ে চেয়ারম্যান ও তাঁর লোকজন মাইকের তার ও ব্যানার ছিঁড়ে ফেলেন।
মসজিদ কমিটির সদস্য শাহজাহান মাস্টার ও মসজিদের ইমাম জাহিদুল ইসলাম অভিযোগ করেন, চেয়ারম্যান তাঁদের অশ্লীল ও অকথ্য ভাষায় গালাগাল দেন ও লাঞ্ছিত করেন। চেয়ারম্যান শুধু ব্যানার নয়, মসজিদের সামনে বসানো চেয়ার ও টেবিল ফেলে দেন। বিষয়টি তাঁরা বরিশাল-১ আসনের সাংসদ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাকে জানানোর জন্য তাঁর বাসভবনে যান। সেখান থেকে আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে বলে মসজিদ কমিটির কর্মকর্তা ও সদস্যরা জানান। পরে তাঁরা বিষয়টি গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমানকে জানান ও এর বিচার দাবি করেন। শনিবার রাতেই বিষয়টি গৌরনদী মডেল থানার ওসি মো. ফিরোজ কবিরকে অবহিত করা হয়। এ সম্পর্কে ওসি বলেন, ঘটনার সত্যতা রয়েছে। মৌখিকভাবে অবহিত করা হলেও এখনো কেউ লিখিত অভিযোগ করেননি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু অভিযোগ অস্বীকার করেছেন।