মসজিদের গাছ কেটে নিচ্ছেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালীগঞ্জে মসজিদের জমি থেকে গাছ কেটে নিচ্ছেন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো
কালীগঞ্জে মসজিদের জমি থেকে গাছ কেটে নিচ্ছেন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো

আওয়ামী লীগের স্থানীয় এক নেতা ঝিনাইদহের কালীগঞ্জের নিয়ামতপুর ইউনিয়নের চাপরাইল বাজার জামে মসজিদের গাছ কেটে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এই নেতার দাবি, তিনি নিজের জমির গাছ কাটছেন।
ওই নেতার নাম তৈয়ব আলী। তিনি চাপরাইল বাজার এলাকার পাশের রায়গ্রাম ইউনিয়নের গোমরাইল গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। ইতিমধ্যে তিনি চারটি বড় গাছ কেটে নিয়েছেন বলে স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেছেন। আরও ২০টি গাছ কাটার প্রক্রিয়া চলছে।
তৈয়ব আলী জানান, এলাকায় প্রভাবশালী এক ব্যক্তি তাঁদের জমি দখল করে নিজের নামে কাগজপত্র করে নেন। পরে তিনি মসজিদে জমি দান করেন। এই জমি তাঁরা কারও কাছে বিক্রি করেননি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে আদালতে মামলা করেছেন।
তবে মসজিদ কমিটির সহসম্পাদক আসাদুর রহমান জানান, মামলা করার পর ওই জমিতে উভয় পক্ষের প্রবেশাধিকার নিষেধ। সেই নিষেধাজ্ঞা অমান্য করে তৈয়ব আলী মসজিদের লোকজনের লাগানো গাছ কেটে নিচ্ছেন।
সরেজমিনে দেখা গিয়েছে, চাপরাইল বাজারের পাশে চিত্রা নদীর পূর্ব পাশে মসজিদটি অবস্থিত। এর পশ্চিম পাশে গোমরাইল মৌজায় রয়েছে মসজিদের ৬৪ শতক জমি। জানা যায়, ক্রয়সূত্রে ওই জমির মালিক ছিলেন সৈয়দ আক্তার হোসেন ও সৈয়দ আনিচুর রহমান। ১৯৭৪ সালে ওই জমি তাঁরা মসজিদকে দান করেন। জমিতে চাষাবাদের আয়ে মসজিদের খরচ চলে।