মসজিদের ঘুমন্ত খাদেমকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের প্রেসক্লাবের পাশে নূর মসজিদের খাদেম ক্বারি মোহাম্মদ ইব্রাহিমকে (৪৩) পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটায় মসজিদ কমপ্লেক্সের ভেতরে তাঁর কক্ষে ঘুমন্ত অবস্থায় এ হামলা চালানো হয়। তাঁকে শহরের খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত মোহাম্মদ ইব্রাহিম সোনারগাঁ উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের লাদুরচর গ্রামের বাসিন্দা।
নূর মসজিদের আহত খাদেম মোহাম্মদ ইব্রাহিম জানান, গত ২৭ বছর ধরে নূর মসজিদে তিনি খাদেমের দায়িত্ব পালন করছেন। এর আগে বেশ কয়েক বছর তিনি এই মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বও পালন করেছেন। চারতলা মসজিদ ভবনের একতলায় মার্কেট, অজুখানা ও শৌচাগার, দোতলা ও তিনতলা মসজিদ এবং চারতলায় মসজিদের নির্মাণকাজ চলছে। মসজিদ কমপ্লেক্সের ভেতরে নিচতলায় অজুখানার পাশে একটি কক্ষে তিনি ঘুমান। গতকাল রাত তিনটার দিকে অজ্ঞাত তিনজন যুবক ওই কক্ষে ঢুকে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। ওই যুবকেরা লোহার রড দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা বাইরে থেকে তাঁর কক্ষে তালা লাগিয়ে পালিয়ে যাওয়ার সময় তাঁর চিৎকারে নিরাপত্তা প্রহরী ছুটে এসে এক দুর্বৃত্তকে জাপটে ধরেন। কিন্তু নিরাপত্তা প্রহরীকে ধাক্কা দিয়ে ফেলে দুর্বৃত্তরা চলে যায়। পরে নিরাপত্তা প্রহরী ও আশপাশের লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।
কারা, কেন তাঁর ওপর হামলা করতে পারে—এমন প্রশ্নের জবাবে ইব্রাহিম জানান, ‘হামলা করার মতো এমন কোনো শত্রু আমার জানামতে নেই। আমি হামলাকারী কাউকে চিনতে পারিনি।’ হামলার এ ঘটনায় ঝামেলা এড়াতে তিনি থানায় কোনো মামলা করবেন না বলে জানান।
শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালের আবাসিক সার্জন মাহবুব হায়দার শামীম জানান, তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রড অথবা ভারী অন্য কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। তিনি এখনো আশঙ্কামুক্ত নন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, ইব্রাহিম নূর মসজিদের সামনে চা ও বিস্কুটের দোকান চালান। তিনি দাবি করেছেন, কারও সঙ্গে তাঁর কোনো শত্রুতা নেই। কিন্তু হামলার ধরন দেখে মনে হচ্ছে পূর্বশত্রুতা থেকে তাঁর ওপর হামলা করা হয়েছে।