মসজিদের নামে টাকা নিয়ে আত্মসাৎ, ৪ জনের বিরুদ্ধে মামলা হচ্ছে
মসজিদ উন্নয়নের নামে প্রতারণা করে ১ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মসজিদ সমাজ বাংলাদেশ-এর সভাপতিসহ চারজনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার এই মামলার অনুমোদন দিয়েছে কমিশন। দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
যাঁদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে তাঁরা হলেন মসজিদ সমাজ বাংলাদেশ-এর সভাপতি নুরুল ইসলাম গাজী, সাধারণ সম্পাদক মো. আয়ুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ মিজানুর রহমান এবং সংগঠনটির সাবেক সভাপতি সালাউদ্দিন আহম্মেদ জোহা।
সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন সময়ে মসজিদের উন্নয়নের নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ গ্রহণ করে নিজেরা ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন। দুদকের অনুসন্ধানে এর প্রমাণ পাওয়া গেছে। সংস্থাটির উপপরিচালক তালেবুর রহমান অনুসন্ধান শেষে মামলার সুপারিশ প্রতিবেদন জমা দেওয়ারর পর কমিশন পরীক্ষা-নিরীক্ষা করে মামলার অনুমতি দিয়েছে। তালেবুর রহমান বাদী হয়ে শিগগির মামলাটি দায়ের করবেন।
প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের কাছ থেকে এক কোটি ৫০ হাজার টাকা ও সিটি ডুয়েলিং কোম্পানির কাছ থেকে ২৩ লাখ টাকাসহ মোট এক কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন।