মস্তক বিচ্ছন্ন করে লাশে আগুন: দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে লন্ড্রি ব্যবসায়ী সোহেল আহমদকে (২৪) হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সিলেটের বিশেষ দায়রা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মফিজুর রহমান ভুঞা আজ বুধবার এ রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হচ্ছেন সিলেটের মোগলগাঁও ইউনিয়নের বানাগাঁওরের কাজল মিয়া ও ইসলাম উদ্দিন ওরফে ইসলাম। দুজনকে ৩০২ ও ৩৪ ধারায় অপরাধ প্রমাণ হওয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। দুজনই বর্তমানে কারাবন্দী। আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (স্পেশাল পিপি) নওশাদ আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অপর সাত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়। এঁরা হচ্ছেন বানাগাঁওরের কয়েস মিয়া, ছমরু মিয়া, ময়না মিয়া, হোসাইন ওরফে হোসন, সাঈম উদ্দিন, মানিক মিয়া ও বিশ্বনাথের বদরুল মিয়া।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ইসলাম উদ্দিনের এক বোনকে বিয়ে করেছিলেন সিলেট নগরের গোটাটিকর এলাকার বাসিন্দা সোহেল আহমদ। ইসলাম এ বিয়ে মেনে নেননি। এ ক্ষোভ থেকে ইসলাম তাঁর বন্ধু কাজলকে নিয়ে ২০১১ সালের ১৭ এপ্রিল রাতে সোহেলকে শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বানাগাঁও এলাকার দালুয়ারবন্দ হাওরে নিয়ে যান। সেখানে ইসলাম ও কাজল মিলে সোহেলকে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করেন। মস্তকটি অন্য একটি জায়গায় ফেলে দিয়ে লাশ পেট্রল দিয়ে পুড়িয়ে ফেলেন। পরদিন পুলিশ সোহেলের মস্তকটি হাওর এলাকা থেকে উদ্ধার করে। সোহেলের বাবা জয়নাল আবেদীন মামলা করলে পুলিশ ইসলাম ও কাজলকে গ্রেপ্তার করে। তাঁরা দুজন সোহেলকে হত্যার দায় স্বীকার করেন। ইসলাম তাঁর বোনকে বন্ধু কাজলের কাছে বিয়ে দিতে চেয়েছিলেন। এ চাওয়া পূরণ না হওয়ায় দুজন মিলে সোহেলকে হত্যা করেন।

সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক আবদুর রহিম মামলার তদন্ত করে ২০১১ সালের ২৬ জুন আদালতে ইসলাম ও কাজলসহ নয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার মোট ৪০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

রায় ঘোষণার সময় আদালতে সোহেলের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সোহেলের ছোট ভাই রুবেল আহমদ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি। রায়ে আমরা সন্তুষ্ট। দ্রুত এ রায় যেন কার্যকর হয়, সেটি আমরা চাই।’

রায় ঘোষণার সময় আদালত এলাকায় মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামিপক্ষের কাউকে পাওয়া যায়নি। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী নওশাদ আহমদ চৌধুরী বলেন, ঘটনাটি বর্বর ও নৃশংস ছিল। এ রায় এ রকম ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।