মস্তিষ্কে আঘাতের চিহ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় বছর বয়সী মাদ্রাসাছাত্র হাফিজুর রহমানের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে। শিশুটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে মারকাজুল তারতীলীল হাফিজিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করলেও সুরতহালে আত্মহত্যার চিহ্ন খুঁজে পায়নি পুলিশ। শিশুটির বাবা দাবি করেছেন, তাঁর ছেলেকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।

এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ বোর্ড গঠন করেছে। শিশুটির ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের প্রভাষক সোহেল কবির ঠিক কী কারণে শিশুটির মৃত্যু হয়েছে, তা সব প্রতিবেদন হাতে না পাওয়ার আগে বলা উচিত হবে না বলে জানান। একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিশুটির মস্তিষ্ক ফোলা ছিল। আঘাতের কারণে মস্তিষ্ক ফুলে যাওয়ার আশঙ্কা আছে।

এখন পর্যন্ত হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনায় এজাহারভুক্ত চার আসামির একজনকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে। বাকিরা এখনো পলাতক। আসামিরা হলেন মাদ্রাসার অধ্যক্ষ জুনায়েদ বিন ইসহাক, তাঁর স্ত্রী সুমাইয়া খাতুন, ভাই ইয়াহিয়া বিন ইসহাক ও মাদ্রাসার ছাত্র মোস্তাফিজুর রহমান। গ্রেপ্তারকৃত আসামি অধ্যক্ষ জুনায়েদ বিন ইসহাক শিশুটির মৃত্যুর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন। মাদ্রাসাছাত্ররা যখন শিশুটির লাশ উদ্ধার করে, তখন তিনি ঘুমিয়ে ছিলেন বলে দাবি করেন।

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ওই দিন সকালে ফজরের নামাজের পর শিশুদের কোরআন শরিফ পড়ান মোস্তাফিজুর রহমান। হাফিজুরের মৃত্যুর পর থেকে তিনি পলাতক।

মাদ্রাসাটি পল্লবীর একটি আবাসিক ভবনে চারটি কক্ষ নিয়ে চলছিল। ওই বাড়িতে অধ্যক্ষ জুনায়েদ বিন ইসহাক স্ত্রীসহ থাকতেন। মাদ্রাসায় ৭ থেকে ১৫ বছর বয়সী ১১টি শিশু ছিল।

পল্লবী থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফখরুজ্জামান মল্লিক প্রথম আলোকে বলেন, ঘটনার দিন ভোরবেলায় আর সবার সঙ্গে হাফিজুর ফজরের নামাজ পড়ে ও কোরআন তেলাওয়াত করে। সকাল সাড়ে সাতটা বা আটটার দিকে মাদ্রাসার ছেলেরা শিশুটিকে অধ্যক্ষের কক্ষ সংযুক্ত শৌচাগারের একটি হাতলে গলায় গামছা বাঁধা অবস্থায় উদ্ধার করে বলে তাঁকে জানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় সকাল নয়টার দিকে। এরই মধ্যে একসময় সটকে পড়েন মোস্তাফিজ। গতকাল বুধবার রাত পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি।

ফখরুজ্জামান মল্লিক প্রথম আলোকে বলেন, ‘শিশুটির মাথায় আঘাতের দাগ আছে। বলা হচ্ছে, গলায় ফাঁস দেওয়া অবস্থায় শিশুটির লাশ উদ্ধার হয়েছে। কিন্তু গলায় কোনো দাগ নেই। জিবও বেরিয়ে আসেনি।’ তিনি আরও জানান, ওই মাদ্রাসার অন্য ছাত্ররা জানিয়েছে শিশুটি মাদ্রাসায় থাকতে চাচ্ছিল না। সারাক্ষণই মন খারাপ করে থাকত।

হাফিজুর রহমানের বাবা মো. দুলাল মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমার একটামাত্র ছেলে। তিন সপ্তাহ আগে তাকে এই মাদ্রাসায় দিই।’ দুলাল আরও বলেন, হাফিজুরকে দিয়ে মাদ্রাসার শিক্ষকেরা হাত-পা টেপাতেন, পানি টানানোসহ বিভিন্ন কাজ করাতেন। হাফিজুর রাজি না হলে মারধর করেছেন বলে সে অভিযোগ করেছে। তার হাঁটুতে রক্ত জমাট বেঁধে ছিল।