মাগুরা মহম্মদপুর উপজেলার পাল্লা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনার সময় নয়টি বাড়ি ভাঙচুর হয়েছে। পুলিশ এলাকা থেকে পাঁচজনকে আটক করেছে।
স্থানীয় কয়েকজন বলেন, দীঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলামের (হিরু মিয়া) সঙ্গে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দীঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে পাল্লা বাজারে মোস্তাফিজুরের সমর্থক রাতুল আলীর সঙ্গে সিরাজুলের সমর্থক হিরু মোল্লার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে গতকাল সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। তাঁদের মধ্যে সুমন মিয়া (১৮), কামরুল ইসলাম (৫০), আবদুল কুদ্দুস (৩৫), মাকসুদুজ্জামান (১৬), আবির হোসেন (৪০), আনোয়ার হোসেন (৫৫), মোস্তাফিজ (৫৫), জাহাঙ্গীর হোসেন (৪৫), দেলোয়ার হোসেন (৩৫), মিল্টন মিয়া (৩০), মুক্তা (২৫), হেনা বেগম (৪৫) ও হিরু মিয়াকে (৩৫) মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া হাসান আলী (২৫), রনি (২৫), হাসান শরিফ (২২), রাসেল মিয়া (৩০), আবুল খায়েরসহ (২৫) বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে বর্তমান চেয়ারম্যানের বিরোধ রয়েছে। এখন মিথ্যা অভিযোগ এনে তাঁর সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। তবে বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, প্রায়ই তাঁর লোকজনকে মারধর করা হচ্ছে। এর প্রতিবাদ করায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এদিকে সংঘর্ষের সময় দুই পক্ষের নয়টি বাড়িতে ভাঙচুর হয়। এর মধ্যে রয়েছে আকমল হোসেনের চারটি, ইসলাম আলীর একটি, মোস্তাফিজুরের একটি, মাহফুজুর রহমানের একটি, জাহাঙ্গীর আলমের একটি ও চঞ্চল মিয়ার একটি বাড়ি।
মহম্মদপুর থানার ওসি মো. তারীকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।