মহম্মদপুরে কথিত যাত্রার আসর গুঁড়িয়ে দিল পুলিশ
মাগুরার মহম্মদপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে এক যুগ ধরে চলা যাত্রা ও জুয়ার একটি আসর গত বুধবার রাতে গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে ৮ নারীসহ ২৭ জনকে আটক এবং মোটরসাইকেলসহ ৪৮টি যান জব্দ করা হয়েছে। আয়োজকদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের চর কালিশংকরপুর গ্রামের হত্যাসহ একাধিক মামলার আসামি কবির হোসেন (৫৮) ও পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলামসহ স্থানীয় কয়েকজন কথিত এই যাত্রার আয়োজক। তাঁরা মধুমতী নদীর বুকে দুর্গম ওই চরাঞ্চলে এক যুগের বেশি সময় ধরে অশ্লীল নাচ-গান, অনৈতিক কার্যকলাপ, জুয়া ও মাদকের আসর বসিয়ে আসছিলেন। প্রায় সারা বছর ধরেই চলত এই আসর। বিত্তবান থেকে শুরু করে নিম্নবিত্ত শ্রেণির লোকজন দূরদূরান্ত থেকে এখানে আসতেন। রাজনৈতিক নেতা, পুলিশসহ প্রভাবশালী ব্যক্তিদের অনৈতিক সুবিধা দিয়ে এটি চালানো হচ্ছিল।
বুধবার দিবাগত রাত দুইটা থেকে ভোর পৌনে চারটা পর্যন্ত পুলিশ ওই আস্তানায় অভিযান চালায়। এতে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে ছিলেন মাগুরা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইনামুল হক। তিনি প্রথম আলোকে বলেন, মাগুরার পুলিশ সুপার মো. মুনিবুর রহমানের নেতৃত্বে ডিবি ও পুলিশের ২৮ সদস্যের একটি দল এই অভিযানে অংশ নেয়। ঘটনার সময় সেখানে চার শতাধিক মানুষ কথিত যাত্রা দেখছিল। পাশের প্যান্ডেলে কমপক্ষে ১০টি জুয়ার আসরে ছিল কয়েক শ লোক। আর পূর্ব পাশে চলছিল মাদকের আসর। পুলিশ রাত দুইটায় চারদিক থেকে আস্তানাটি ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আয়োজকেরা পুলিশের ওপর আক্রমণ চালান। এতে ডিবির উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান এবং কনস্টেবল হাবিবুর রহমান ও মাসুদুর রহমান আহত হন। পুলিশ পাঁচটি ফাঁকা গুলি ছুড়লে উপস্থিত সবাই পালানোর চেষ্টা করেন।
তবে পুলিশ ঘটনাস্থল থেকে অন্যতম আয়োজক কবির হোসেনের ছেলে নাজমুল হোসেনসহ ১৯ জন পুরুষ ও ৮ জন নারীকে আটক করে। ঘটনাস্থল থেকে ৩৮টি মোটরসাইকেল এবং ইঞ্জিনচালিত ১০টি অন্যান্য যান জব্দ করা হয়। অভিযান শেষে পুলিশ ঘটনাস্থলে স্থাপিত নাচের মঞ্চ, প্যান্ডেল, প্লাস্টিকের চেয়ারসহ নানা আসবাব, খাবারের দোকান, টিকিট কাউন্টারসহ সবকিছু ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ও কবির হোসেনসহ আয়োজকেরা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
পুলিশ সুপার মো. মুনিবুর রহমান প্রথম আলোকে বলেন, যারাই ওই অপকর্মের সঙ্গে জড়িত হোক না কেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
ডিবির উপপরিদর্শক মো. সালাউদ্দিন এ ঘটনায় আটক ২৭ জনের পাশাপাশি অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে মহম্মদপুর থানায় দুটি মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মহম্মদপুর থানার ওসি মো. তরীকুল ইসলাম বলেন, চর কালিশংকরপুর তিন জেলার মিলনস্থলে অবস্থিত। এর এক পাশে ফরিদপুরের আলফাডাঙ্গা ও অন্য পাশে নড়াইলের লোহাগড়া উপজেলা। দুর্গম এলাকা হওয়ায় আস্তানাটি এত দিন উচ্ছেদ করা যায়নি। শেষ পর্যন্ত সেটি গুঁড়িয়ে দিতে সক্ষম হলো পুলিশ।