মহম্মদপুরে তিন গ্রাম পুরুষশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আবদুল মান্নান সন্ত্রাসী হামলায় আহত হওয়ার ঘটনায় তাঁর সমর্থকেরা তিনটি গ্রামে প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের বাড়িতে ব্যাপক হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। ভয়ে গ্রাম তিনটি পুরুষশূন্য হয়ে পড়েছে।
গত বৃহস্পতিবার সকালে মহম্মদপুরের তল্লাবাড়িয়া এলাকায় হামলার শিকার হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান। এতে তিনি আহত হন।
বিনোদপুরের ক্ষতিগ্রস্ত মনিরুল বাজনদার, ঘুল্লিয়ার বাসিন্দা বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর মোল্লা এবং লুট হয়ে যাওয়া মুদিদোকানের মালিক সালাম মোল্লা বলেন, গ্রামে এখন যেসব নারী ও শিশুরা রয়েছে, তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। পুরুষেরা বাড়িতে নেই। ধান, চাল, গরু, ছাগল—সবই লুটপাট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সবাই আওয়ামী লীগের লোক। মন্ত্রী বীরেন শিকদারের পক্ষের।
ক্ষোভ প্রকাশ করে তল্লাবাড়িয়া গ্রামের বৃদ্ধ আবদুল মালেক (৭০) বলেন, ‘নেতারে মারছে আরাক নেতার লোক। বাড়ি পুড়াচ্ছে লুট করতেছে আমাগের। আমরা কি মারামারি করতি গিছি? তারা নিজিরাই মারামারি করতেছে অন্য কোন দল তো আসিনেই।’
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আবদুল মান্নানের ওপর হামলার ঘটনায় তাঁর সমর্থক বিক্ষুব্ধ সহস্রাধিক আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা ঘুল্লিয়া, বিনোদপুর ও তল্লাবাড়িয়া গ্রামে প্রতিপক্ষ মিজানুর রহমানের সমর্থকদের বাড়িঘরে দফায় দফায় প্রায় দিনভর ধ্বংসযজ্ঞ চালায়। হামলাকারীরা অন্তত ১০০ বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ঘুল্লিয়া গ্রাম। পুলিশ প্রথমে কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও পরে হাল ছেড়ে দেয় বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অভিযোগ করেছেন।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, হামলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন এমনকি জেলা সদর থেকেও ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থকদের আনা হয়। খবর পেয়ে সংবাদকর্মীরা ছবি তুলতে গেলে মো. রাসেল ও কামাল হোসেন নামে স্থানীয় দুই সাংবাদিককে মারধর করে তাঁদের ক্যামেরা ও মুঠোফোন কেড়ে নিয়ে ভাঙচুর করে হামলাকারীরা। তারা সারা দিনে সংবাদকর্মীদের ক্ষতিগ্রস্ত গ্রামে প্রবেশ করতে দেয়নি।
গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ঘুল্লিয়া, বিনোদপুর ও তল্লাবাড়িয়া গ্রাম থমথমে। বিভিন্ন বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন। হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গ্রাম ঘুল্লিয়া। এই গ্রামে চেয়ারম্যান শিকদার মিজানুর রহমানের বংশের ও তাঁর সমর্থক মানুষের বসবাস বেশি। এখানকার প্রায় সব বাড়িতেই হামলা-ভাঙচুর-লুটপাট চালানো হয়েছে। বেশ কিছু বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। কিছু নারী ও শিশু ছাড়া গ্রামের কোনো পুরুষ চোখে পড়েনি।
হামলার শিকার বাড়ির চারদিকে আগুনের পোড়া ছাই ছড়িয়ে-ছিটিয়ে আছে। অধিকাংশ বাড়ির সব মালপত্র লুট করা হয়েছে। জমির দলিল, পরীক্ষা পাসের সনদ এমনকি গাছের আম-কাঁঠাল পর্যন্ত বিনষ্ট করেছে হামলাকারীরা। এ তিন গ্রামসহ আশপাশের গ্রামের অনেককে ভয়ে বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালাতে দেখা গেছে।