মহম্মদপুরে মাদ্রাসা সুপারকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া মাজহারুল উলম দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ ফাত্তাউল আলিমকে (৪০) কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ওই ঘটনা ঘটে।
ওই সুপারের স্ত্রী আসমা খাতুন অভিযোগ করেন, মাদ্রাসায় একটি নিয়োগ নিয়ে বালিদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিনার সঙ্গে তাঁর স্বামীর বিরোধ চলছিল। চেয়ারম্যান বালিদিয়া মাদ্রাসায় অফিস সহকারী পদে চাকরি করেন। ওই বিরোধের কারণেই চেয়ারম্যান তাঁর ভাই ও ঘনিষ্ঠ লোকজন দিয়ে তাঁর স্বামীর (মাদ্রাসা সুপার) ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছেন। তবে চেয়ারম্যান তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
সৈয়দ ফাত্তাউল আলিম প্রথম আলোকে বলেন, মাস ছয়েক আগে তিনি সুপার হিসেবে নিয়োগ পান। এই নিয়োগে ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মিনা রাজি ছিলেন না। তিনি মাদ্রাসায় আসতে নিষেধ করেন। তার পরও তিনি মাদ্রাসায় নিয়োগ পাওয়ায় দেখে নেওয়ার হুমকি দেন। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বালিদিয়া বাজার বালিদিয়া গ্রামের বাড়ি ফেরার পথে ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মিনার ছোট ভাই মুরসালিন মিনার নেতৃত্বে ১০-১২ জন অস্ত্রধারী লোকজন তাঁর গতিরোধ করে ধারোলো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। হামলায় চেয়ারম্যানের গোষ্ঠীর আলমগীর মিনা, ওমর মিনা, হারুন মিনা, জুরাল মিনা, কামাল মিনা, ইউনুস মিনা, রবিউল মিনা ও ইদ্রিস মিনা অংশ নেন। হামলাকারীরা তাঁকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে চলে যান। পরে তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা মফিজুর রহমান মিনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না।’
মাগুরার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অরুণ কান্তি ঘোষ জানান, ওই সুপারের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। এখন তিনি আশংঙ্কামুক্ত। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় জখম রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ওই ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। তবে শুনেছি বালিদিয়া ইউপির চেয়ারম্যান মফিজুর রহমান মিনা তাঁর ছোট ভাই ও গোষ্ঠীর লোকজন ওই সুপারকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’