মহসিন কলেজে গিয়ে চড়াও এক পক্ষ, সংঘর্ষ ও গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজে গিয়ে সেখানকার ছাত্রলীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহসিন কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।
সংঘর্ষে মহসিন কলেজের উচ্চমাধ্যমিক শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ হামিদ আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় মহসিন কলেজ ক্যাম্পাসে একটি ও চট্টগ্রাম কলেজের মূল প্রবেশ ফটকের সামনে তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে বের হয়ে রাস্তার উল্টো দিকে চট্টগ্রাম কলেজের পুলিশ ক্যানটিনও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের কর্মীরা ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে।
তবে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম বলেন, মহসিন কলেজ শাখা ছাত্রলীগের কর্মীদের ওপর যাঁরা হামলা চালিয়েছেন তাঁরা বহিরাগত যুবক। হামলাকারীরা এমইএস কলেজের ছাত্র নন।
সংঘর্ষের বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা মহসিন কলেজ শাখার এক কর্মীকে মারধর করেন। এতে মহসিন কলেজের ছাত্রলীগের কর্মীরা উত্তেজিত হয়ে এমইএস কলেজ শাখার কর্মীদের ধাওয়া দেন। পরে তাঁরা চট্টগ্রাম কলেজে প্রবেশ করে পুলিশ ক্যানটিন ভাঙচুরের চেষ্টা চালান। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান। সংঘর্ষে গুলি ছোড়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রলীগের কর্মী ও আহত মোহাম্মদ হামিদ বলেন, ‘ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের ছয়-সাতজন কর্মী তিনটি মোটরসাইকেলে করে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। এরপর অতর্কিতভাবে তাঁদের কয়েকজন রড দিয়ে মাথা, মুখসহ শরীরে বিভিন্ন অংশে আঘাত করেন। চিকিৎসার জন্য এখন একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি হয়েছি।’
হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রলীগের আরেক কর্মী ফয়সাল মাহমুদ অভিযোগ করেন, ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা অনেক দিন ধরে মহসিন কলেজে এসে আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন। কিন্তু কলেজের ছাত্রলীগের কর্মীদের বাধার কারণে তা পারছেন না। এর জের ধরে ওমরগণি এমইএস কলেজ শাখার কর্মীরা গতকাল দুপুরে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে এক ছাত্রকে অহেতুক মারধর করেন। এতে কলেজের ছাত্রলীগের কর্মীরা জোটবদ্ধ হয়ে তাঁদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেন। পালিয়ে যাওয়ার সময় দু-তিনটি ফাঁকা গুলি ছোড়েন তাঁরা।
গতকাল বেলা একটার দিকে হাজী মুহাম্মদ মহসিন কলেজে গিয়ে দেখা যায়, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কলেজের মূল ফটকে দায়িত্বরত দারোয়ানদের পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজে পুলিশ মোতায়েন করা হয়।
চট্টগ্রাম কলেজের পুলিশ ক্যানটিনের কর্মচারী শহীদুল ইসলাম ও আবদুল কাদের বলেন, ছয়-সাতজন যুবক পিস্তল, লোহার রড ও ছুরি নিয়ে ক্যানটিনে হামলা করেন। তাঁরা ক্যানটিনের শাটারের একটি অংশ ভেঙে ফেলেন এবং ভেতরে টেবিল-চেয়ার, ক্যাশ বাক্স ও নাশতা রাখার পাত্র তছনছ করে চলে যান।