মহাখালীতে তিন লাখ টাকার নিষিদ্ধ ওষুধ জব্দ
রাজধানীর মহাখালীতে দুটি পাইকারি ওষুধের দোকানে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত নিউ এয়ারপোর্ট রোডের নুর প্লাজার অ আ ফার্মেসি ও মেসার্স শাফি ফার্মায় এ অভিযান চালানো হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভারত ও পাকিস্তানের তৈরি আমদানি নিষিদ্ধ ও নকল বিপুলসংখ্যক ওষুধ জব্দ করা হয়।
মো. আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, এ দুটি পাইকারি ওষুধের দোকান দীর্ঘদিন যাবৎ নিবন্ধন ছাড়াই অবৈধভাবে আমদানি নিষিদ্ধ ও নকল ওষুধের ব্যবসা পরিচালনা করে আসছিল। যেসব ট্যাবলেট ও কিম ওষুধ জব্দ করা হয় সেগুলোর মধ্যে পেকটিন, পেরাকটিন, ক্লফিমল, সিজেড, নিমিরিল, নিমস পি, রেক্সিন, ডিকলো ও বেটনোভেট উল্লেখ্যযোগ্য।
অ আ ফার্মেসির মালিক জসীমউদ্দিন ও মেসার্স শাফি ফার্মার মালিক আবদুল মোতালেবের বিরুদ্ধে ১৯৮২ সালের ওষুধ অর্ডিন্যান্সের ৫ (১) ও ১৬ ধারায় মামলার প্রস্তুতি চলছে। তিন দিনের মধ্যে মামলা করা হবে। অভিযানে ওষুধ তত্ত্বাবধায়ক সৈকত কুমার কর, নাইম গোলদার, মাহবুব হোসেন, মো. অজিউল্লা ও মনিরউদ্দিন আহমেদ অংশগ্রহণ করেন।