মহাখালীতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাখালীর একটি হোটেলে আটকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মাহমুদুল্লাহ হাসান (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাঁকে মহাখালী থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ২২ মে ধর্ষণের অভিযোগে মাহমুদুল্লাহকে আসামি করে বনানী থানায় মামলা করেন এক তরুণী। মামলার এজাহারে ওই তরুণী অভিযোগ করেন, এক বছর আগে ফেসবুকের মাধ্যমে মাহমুদুল্লাহর সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে গত ১৬ নভেম্বর তাঁরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। পরদিন বিয়ের প্রলোভন দেখিয়ে মাহমুদুল্লাহ তাঁকে মহাখালীর একটি আবাসিক হোটেলে নিয়ে যান। হোটেলের একটি কক্ষে ওঠার পর মাহমুদুল্লাহ তাঁকে বলেন, ‘সমস্যার কারণে আজ বিয়ে করা সম্ভব হচ্ছে না।’ এরপর তিনি (তরুণী) হোটেল থেকে চলে আসতে চাইলে মাহমুদুল্লাহ তাঁকে জোর করে আটকে রাখেন। একপর্যায়ে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় মাহমুদুল্লাহ তাঁর কিছু আপত্তিকর ছবি তোলেন।
এজাহারে তরুণী আরও বলেন, মাহমুদুল্লাহ আর তাঁকে বিয়ে করতে রাজি হননি। বিভিন্ন সময় তিনি (মাহমুদুল্লাহ) আপত্তিকর ছবিগুলো দিয়ে তাঁকে ‘ব্ল্যাকমেল’ করার চেষ্টা করেন এবং ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই সোহেল রানা বলেন, এজাহারভুক্ত আসামি মাহমুদুল্লাহকে গতকাল শুক্রবার আদালতে হাজির করা হয়। ঘটনা সম্পর্কে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।