মহাখালীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত ১
রাজধানীর মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় আজ মঙ্গলবার দুপুরে নির্মাণাধীন একটি ভবনের দেয়ালের অংশবিশেষ ধসে অজ্ঞাত এক নারীর (৬০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক রিকশাচালক মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
আহত রিকশাচালকের নাম মোহাম্মদ মোস্তাকিম (৩৫)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আমাদের ঢাকা মেডিকেল কলেজ সংবাদদাতা জানান, আজ বেলা দুইটার দিকে দুজন যাত্রীকে নিয়ে রিকশা চালিয়ে মহাখালী ওয়্যারলেস গেট এলাকা দিয়ে যাচ্ছিলেন রিকশাচালক মোস্তাকিম। এ সময় সেখানে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল আংশিক ভেঙে পড়লে পথচারী এক নারী ও মোস্তাকিম গুরুতর আহত হন। ওই নারীকে ওয়্যারলেস গেট এলাকায় লাইফলাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। এ ছাড়া পথচারী কয়েকজন শিক্ষার্থী রিকশাচালককে সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। তিনি এখন সেখানে চিকিৎসাধীন।
নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে অজ্ঞাত নারীর মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম। তিনি জানান, ওই নারীর লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে।