মহাখালীতে র‍্যারের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তি এলাকায় গত সোমবার দিবাগত গভীর রাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাবিবুর রহমান ওরফে সুমন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত সুমন ওরফে ব্যাংকক সুমন একজন চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
আর নিহত সুমনের পরিবার বলেছে, গত ৫ অক্টোবর গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে নিজেদের গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে একদল লোক হাবিবুরকে ছাই রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর স্থানীয় এক ব্যক্তি হাবিবুরকে একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত থেকে মুক্ত করানোর কথা বলে পরিবারের কাছ থেকে তিন লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব বলেছে, গোপন সংবাদ পেয়ে সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে র‍্যাবের একটি দল মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) পুকুরপাড়ে যায়। সেখানে অবস্থানরত একদল সন্ত্রাসী র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি শুরু করে। র‍্যাবও পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে দুজন র‍্যাব সদস্য আহত হন ও একটি গাড়িতে গুলি লাগে। গোলাগুলির পরে ঘটনাস্থলে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলিভর্তি ম্যাগাজিন, একটি গুলির খোসা, একটি রামদা এবং দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।
র‍্যাব বলেছে, নিহত হাবিবুরের বিরুদ্ধে বনানী থানায় দুটি হত্যা, তিনটি চাঁদাবাজির সময় গুলিবর্ষণের মামলাসহ অন্যান্য থানাতেও বেশ কিছু মামলা রয়েছে। হাবিবুর তাঁর সন্ত্রাসী দল নিয়ে গুলশান, নিকেতন, বনানী ও মহাখালী এলাকায় বিভিন্ন অপরাধ করতেন।
এদিকে গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে হাবিবুরের স্ত্রী রোখসানা আক্তার বলেন, সকালে হাবিবুরের মৃত্যুর খবর পেয়েছেন তাঁরা। হাবিবুরের বিরুদ্ধে একটি হত্যাসহ দু-তিনটি মামলা রয়েছে। একটি হত্যা মামলায় তিনি জামিনে রয়েছেন। গত ৫ অক্টোবর টঙ্গীর বোর্ডবাজার এলাকা থেকে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে সাধারণ পোশাক পরা একদল লোক একটি ছাই রঙের মাইক্রোবাসে তাঁর স্বামীকে তুলে আনে। এ বিষয়ে জয়দেবপুর থানায় তিনি একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন। ১৫ দিন আগে হাফেজ নামে স্থানীয় এক লোক মিন্টো রোডে একটি সংস্থার কাছে হাবিবুর আছে বলে জানান এবং ছাড়ানোর আশ্বাস দিয়ে তাঁর (রোখসানা) কাছ থেকে তিন লাখ টাকা নিয়ে যান। টাকা দেওয়ার পর থেকে হাফেজেরও কোনো খোঁজ নেই।
পরিবারের দাবি, হাবিবুর চালের ব্যবসা করতেন। মহাখালীর ওয়্যারলেস গেটে শ্বশুরবাড়িতে থাকতেন। তাঁর আট বছর বয়সী একটি ছেলে রয়েছে।