মহাখালীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা গুলিবিদ্ধ
মহাখালীতে গতকাল বিকেলে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন দিদার হোসেন ওরফে সজীব (৩৩) নামের এক ঠিকাদার। দিদার স্বেচ্ছাসেবক লীগ করেন।
আহতাবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পিঠ, কান ও হাতে তিনটি গুলি লাগলেও তিনি শঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
গুলিবিদ্ধ দিদার হোসেন বিভিন্ন সরকারি কার্যালয়ে ঠিকাদারি করেন। সম্প্রতি তিনি ২০ নম্বর ওয়ার্ড (মহাখালীর হাসপাতাল এলাকা) স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হওয়ার জন্য দৌড়ঝাঁপ করছিলেন বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন।
বেলা সাড়ে তিনটার দিকে দিদার মোটরসাইকেলে মহাখালীর ওয়্যারলেস গেট থেকে দক্ষিণপাড়ার বাসায় ফিরছিলেন। পথে তাঁর মোটরসাইকেল থামান স্থানীয় জাবেদসহ আরও একজন। তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর মধ্যেই জাবেদ ও তাঁর সঙ্গী আগ্নেয়াস্ত্র বের করে গুলি করে পালিয়ে যান। আর দিদারকে স্থানীয় লোকজন প্রথমে বক্ষব্যাধি হাসপাতালে নেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় একজন ব্যবসায়ী জানিয়েছেন, তাঁরা পাঁচটি গুলির শব্দ শুনেছেন। তিনি বলেন, একজন ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতার মধ্যে এলাকার আধিপত্য, ব্যবসা ও রাজনৈতিক বিষয় নিয়ে দ্বন্দ্ব রয়েছে।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহিদুজ্জামান বলেন, আহত দিদার ঠিকাদারি করেন। এ নিয়ে দ্বন্দ্বের জেরে তাঁকে গুলি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ১৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গাজী গোলাম দস্তগীরের রাজধানীর পল্টনের কার্যালয়ে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোশাররফ হোসেনকে গুলি করে তাঁর প্রতিপক্ষ। এলাকায় আধিপত্য ও ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।