মহাখালীতে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাখালীর একটি আবাসিক হোটেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গতকাল সোমবার বনানী থানায় একটি মামলা হয়েছে। মামলায় যাকে আসামি করা হয়েছে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী।

ওই তরুণীর অভিযোগ, আসামি তাঁকে প্রেমের ফাঁদে ফেলে গত বছরের ১৭ নভেম্বর মহাখালীর একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার সাত মাস পর মামলার কারণ সম্পর্কে তিনি পুলিশকে জানিয়েছেন, নানা কারণে এত দিন বিষয়টি গোপন রেখেছিলেন। সম্প্রতি অভিযুক্ত ব্যক্তি তরুণীর কিছু আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এই পরিপ্রেক্ষিতে তিনি এখন মামলা করেছেন।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন মামলার তথ্য নিশ্চিত করে বলেন, উপপরিদর্শক (এসআই) সোহেল রানা মামলাটি তদন্ত করছেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করা যায়নি।

পুলিশ সূত্র জানিয়েছে, এক বছর আগে ওই তরুণীর সঙ্গে ফেসবুকে জুয়েলের পরিচয় হয়। এরপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে জুয়েল ওই তরুণীকে মহাখালীর একটি আবাসিক হোটেলে ডেকে আনেন ও ধর্ষণ করেন।

ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।