মহাদেবপুরে এক বাড়িতে ডাকাতি, মালামাল লুট
নওগাঁর মহাদেবপুর উপজেলার বেলঘরিয়া গ্রামের একটি বাড়িতে গত বুধবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে সোনার গয়নাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে।
বাড়ির মালিক যতীশ চন্দ্র সমঝদার জানান, বুধবার রাত দেড়টার দিকে বাড়ির ভেতর লোকজনের আনাগোনা টের পেয়ে তিনি ঘরের দরজা খোলেন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই ১৫-১৬ জন ডাকাত ঘরে ঢুকে পড়ে এবং পরিবারের সবাইকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। ডাকাতেরা তাঁর চার বছরের ছেলে দুর্জয়কে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে তারা চাবি নিয়ে আলমারি ও বাক্স খুলে ১১ ভরি সোনার গয়না, একটি মোটরসাইকেল ও ৩১ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতেরা চলে যাওয়ার পর তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন।
এ ব্যাপারে মহাদেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুর রহমান জানান, সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত ওই পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি।