মহাদেবপুরে মদপানে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুরে চোলাই মদ পান করে তিন দিনে তিন ব্যক্তি মারা গেছেন। এ ছাড়া অসুস্থ হয়েছেন আরও নয়জন। লক্ষ্মীপূজা উপলক্ষে উপজেলার রসুলপুর আদিবাসী পল্লি ও তেজপাইন গ্রামে এসব ঘটনা ঘটেছে।
সর্বশেষ শনিবার সকালে শীতেনন্দ্রনাথ মণ্ডল (৩২) নামে এক আদিবাসী মারা যান। এর আগে বৃহস্পতিবার দুপুরে বালকচাঁদ পাহান (৪০) ও শুক্রবার উপেন পাহান (৩৩) নামে দুই আদিবাসীর মৃত্যু হয়। শীতেনন্দ্রনাথ মণ্ডল উপজেলার তেজপাইন গ্রামের মৃত রায়কান্ত মণ্ডলের ছেলে এবং বালকচাঁদ পাহান রসুলপুর গ্রামের যদু পাহানের ও উপেন পাহান মৃত বুলু পাহানের ছেলে।
পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্র জানায়, লক্ষ্মীপূজা উপলক্ষে বৃহস্পতিবার রাতে ওই দুই গ্রামের ১০-১২ জন আদিবাসী একটি আসরে চোলাই মদ পান করেন। একপর্যায়ে মাদকসেবীদের প্রায় সবাই অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতে বালকচাঁদ পাহান ও শুক্রবার রাতে উপেন পাহানকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁরা মারা যান। শনিবার সকালে শীতেনন্দ্রনাথ মণ্ডলকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।
ভীমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র বলেন, প্রতিবছর পূজা উপলক্ষে উপজাতি সম্প্রদায়ের লোকজন উৎসবের আয়োজন করেন। এবারও সেই ধরনের উৎসবে তাঁরা চোলাই মদপান করেন। কিন্তু মদের বিষক্রিয়ায় তাঁদের এই মৃত্যুর ঘটনা ঘটে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এসব ঘটনায় থানায় দুটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।