মহাব্যবস্থাপকসহ তিনজন সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় সাড়ে ছয় কোটি টাকা আত্মসাতের ঘটনায় সমিতির মহাব্যবস্থাপকসহ তিনজনকে গত মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে একই ঘটনায় ৩১ মার্চ সমিতির ক্যাশিয়ার জায়েদা খানমকে সাময়িক বরখাস্ত করা হয়।
মঙ্গলবার বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন সমিতির মহাব্যবস্থাপক ও প্রকৌশলী হাফিজ আহমেদ, সহকারী মহাব্যবস্থাপক (অর্থ) রণজিৎ কুমার দেবনাথ ও হিসাবরক্ষক তরীবুল্লাহ আকন্দ।
আত্মসাৎ করা অর্থের পরিমাণ, জড়িত ব্যক্তি, সমিতি-সংশ্লিষ্ট কর্মচারীদের দায় নির্ধারণ ও ব্যাংকের দায়বদ্ধতার বিষয়টি তদন্ত করতে পটুয়াখালী ও ঢাকায় দুটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সার্বিক পর্যবেক্ষণ ও সমিতি প্রশাসনকে সহায়তা করতে ঢাকার একটি দল এখন পটুয়াখালীতে অবস্থান করছে।
টাকা আত্মসাতের ঘটনায় ক্যাশিয়ার জায়েদা খানমের বিরুদ্ধে গত সোমবার পটুয়াখালী সদর থানায় মামলা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী হাফিজ আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।
গত ৩১ মার্চ সমিতির হিসাবরক্ষক তরীবুল্লাহ আকন্দ অগ্রণী ব্যাংকের পটুয়াখালী পুরান বাজার শাখায় সমিতির সর্বশেষ আমানত জানতে গিয়ে হিসাব বিবরণীতে গরমিল ধরা পড়ে।
মঙ্গলবার পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক হিসেবে বিধান রঞ্জন বৈশ্য যোগ দিয়েছেন। তিনি বলেন, তদন্তের স্বার্থে মহাব্যবস্থাপক হাফিজ আহমেদসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রশাসনিক কার্যক্রমসহ সার্বিক বিষয়ে সহায়তা করতে সমিতির নির্বাহী পরিচালক শাহনেওয়াজ খানের নেতৃত্বে তিন সদস্যের একটি দল কাজ করছে।