মহারাষ্ট্রে কথিত তিন 'বাংলাদেশি' নারী উদ্ধার
ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহর থেকে গতকাল বৃহস্পতিবার কথিত তিন বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে সেখানকার পুলিশ। ওই তিন নারীকে জোরপূর্বক স্থানীয় একটি পতিতালয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়েছিল। এ ঘটনায় কথিত দুই বাংলাদেশিসহ তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
খবরে বলা হয়, পুলিশের তদন্তে জানা গেছে, ওই বাংলাদেশিরা পাসপোর্ট ও ভিসা ছাড়াই কয়েক বছর ধরে পুনে শহরে বাস করছিলেন।
গ্রেপ্তার অভিযানে নেতৃত্বদানকারী পুলিশ কর্মকর্তা রাজকুমার ওয়াগশাউর বলেন, উদ্ধার হওয়া তিন নারীকে অবজারভেশন হোমে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া দুই বাংলাদেশি স্বীকার করেছেন, ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁরাই ওই নারীদের ভারতে নিয়ে এসেছিলেন। পরে তাঁদের জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। তবে বিষয়টি যাতে কেউ সন্দেহ না করতে পারে, সে জন্য তাঁরা বিবাহিত যুগলের মতো করে বাসা ভাড়া নিয়েছিলেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।