মহালছড়িতে শিক্ষককে গলা কেটে হত্যা
খাগড়াছড়ির মহালছড়িতে গত বুধবার রাতে একজন শিক্ষককে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় ওই শিক্ষকের স্ত্রী আহত হন।
নিহত মিলন বিকাশ চাকমা (৫৫) রাঙামাটির নানিয়ারচর উপজেলার নিম্ন কেঙলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পশ্চিম ক্যাংঘাট গ্রামে।
হামলায় আহত মিলন বিকাশ চাকমার স্ত্রী বীরলা চাকমাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিলন বিকাশের আত্মীয় উষাতন চাকমা জানান, রাতে দুর্বৃত্তরা মিলনের ঘরে ঢোকে। এ সময় মিলন ও তাঁর স্ত্রী ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা মিলনকে গলা কেটে হত্যা করে। একপর্যায়ে তাঁর স্ত্রীর ঘুম ভেঙে যায়। এ সময় তিনি টর্চলাইট হাতে মুখোশ পরা এক ব্যক্তিকে দেখতে পান। ওই সময় তিনি চিৎকার করে উঠলে ওই দুর্বৃত্ত তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে তাঁদের দুজনকে হাসপাতালে নিয়ে যান।
পুলিশ জানায়, খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মিলনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মিলনের আত্মীয় মাইসছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শান্তশীল চাকমা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তাঁরা বুঝতে পারছেন না। তিনি বলেন, পেশাদার খুনিরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
মহালছড়ি থানার ওসি সেমায়ুন কবির চৌধুরী জানান, এ ঘটনায় মিলন বিকাশের ছেলে ওয়াশিংটন চাকমা থানায় হত্যা মামলা করেছেন।