মহালছড়িতে অস্ত্র গুলিসহ যুবক গ্রেপ্তার
খাগড়াছড়ির মহালছড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানে অস্ত্র, গুলিসহ সুপায়ন চাকমা (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মহালছড়ি বদানালা গ্রামের মৃত উজ্জ্বল কান্তি চাকমার ছেলে।
সেনাবাহিনী ও পুলিশ সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর চারটায় মহালছড়ি সেনা জোনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা লেমুছড়িতে অভিযান চালান। এ সময় একটি শটগান, দুই রাউন্ড গুলিসহ সুপায়ন চাকমাকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে লেমুছড়ির আরেকটি আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রাষ্ট্রবিরোধী প্রচারপত্র, ব্যানার, সাংগঠনিক নথিপত্র, ধারালো অস্ত্র, দুটি মুঠোফোন, ছয়টি সিম কার্ড ও মেগাফোন পাওয়া যায়। তবে সেখান থেকে কাউকে আটক করা যায়নি। পরে আটক সুপায়ন চাকমাকে মহালছড়ি থানায় সোপর্দ করা হয়।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করে সুপায়ন চাকমাকে আদালতের মাধ্যমে খাগড়াছড়ি কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী বলে স্বীকার করেছেন।
তবে ইউপিডিএফের এক মুখপাত্র সুপায়ন চাকমা তাঁদের কর্মী নন বলে দাবি করেন।