খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম গোলক্যাপাড়া গ্রামে ধারালো অস্ত্রের আঘাতে আহত স্কুলছাত্রী আয়না মারমা (১২) মারা গেছে। এ ঘটনায় মংরে মারমা (২০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় মংরে মারমা ওই স্কুলছাত্রীকে কুপিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত আয়না মহালছড়ি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। সে গোলক্যাপাড়া গ্রামের মংহলাচাই মারমার মেয়ে। মংরে মারমার (২০) বাড়িও একই গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আয়না মারমা গত সোমবার সকাল সাড়ে সাতটার দিকে প্রতিদিনের মতো স্কুলে যাচ্ছিল। এ সময় নির্জন রাস্তায় একা পেয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান মংরে মারমা। পরে আয়নার মা ও বাবা তাকে উদ্ধার করে প্রথমে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আয়নাকেচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার আয়না সেখানে মারা যায়।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আগে থেকে ওত পেতে থাকা মংরে মারমা দা দিয়ে আয়নাকে এলোপাতাড়ি কোপান। এ সময় আয়নার চিৎকারে তার বাবা-মা ছুটে এলে মংরে পালিয়ে যান। তিনি জানান, আয়নার মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্রের মারাত্মক আঘাতের চিহ্ন আছে।
পুলিশ জানায়, আয়নার বাবা মংহলাচাই মারমা গতকাল দুপুরে মংরেকে আসামি করে মামলা করেন। বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী হত্যার অভিযোগে মংরেকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।