মহাসড়ক অবরোধ ২০টি গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে গত সোমবার পরিবহন শ্রমিকেরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ২০টি গাড়ি ভাঙচুর করেছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ময়মনসিংহ শহরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাসকান্দা এলাকায় বিশ্ববিদ্যালয়ের একটি বাসকে ঢাকা থেকে নেত্রকোনাগামী একটি বাস বেপরোয়াভাবে অতিক্রম করছিল। এ নিয়ে বাসচালকের সহকারীদের সঙ্গে শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয় বেশ কয়েকজন শ্রমিকও পরিবহন শ্রমিকদের সঙ্গে যোগ দেন। এরপর বিশ্ববিদ্যালয়ের পাঁচ-ছয়জন শিক্ষার্থীকে মারধর করেন তাঁরা। এ ঘটনার জের ধরে গতকাল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় মোড় এলাকায় বিক্ষুব্ধ শতাধিক শিক্ষার্থী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা কয়েকটি বাস, ট্রাক, দুটি প্রাইভেট কারসহ ২০টি গাড়ি ভাঙচুর করেন। শিক্ষার্থীরা প্রায় ৪৫ মিনিট ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ত্রিশাল থানার পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শিক্ষার্থীদের ভাষ্য, সামান্য কথা-কাটাকাটির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর করার স্পর্ধা দেখিয়েছেন পরিবহন শ্রমিকেরা। তাঁদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা সম্ভব নয় বুঝতে পেরে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে গাড়ি ভাঙচুর করেছেন।
ময়মনসিংহ জেলা পরিবহন শ্রমিক সমিতির সভাপতি নজরুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুব হোসেন বলেন, ‘আমরা সোমবার রাতে এ ঘটনা জেনে শিক্ষার্থীদের উত্তেজিত না হওয়ার অনুরোধ করি। ওই রাতে তারা আমাদের কথা রাখে। কিন্তু গতকাল সকালে ময়মনসিংহ থেকে শিক্ষার্থীদের একটি বাস আসার পথে কিছু শিক্ষার্থী উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটায়। আমরা শিক্ষার্থীদের মারধরের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছি পুলিশের কাছে।’