মহাসড়ক খুঁড়ে তোরণ নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় মহাসড়ক খুঁড়ে তোরণ (গেট) নির্মাণ করা হচ্ছে। এতে মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবহন চলাচলে দুর্ভোগ বাড়ছে।
২৯ নভেম্বর সরেজমিনে দেখা যায়, উপজেলার উত্তরের দশমাইল থেকে দক্ষিণের সীমাবাড়ী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারজুড়ে সড়ক খুঁড়ে প্রায় ৪৮টি স্থানে তোরণ নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজে নিয়োজিত সাত-আটজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, ১০ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হবে। এ উপলক্ষে স্থানীয় নেতাদের নির্দেশে তাঁরা এসব তোরণ নির্মাণ করছেন।
ইতিমধ্যে বেশ কিছু তোরণ নির্মাণ করা হয়েছে এবং আরও কিছু নির্মাণের কাজ চলছে। পৌর শহরের প্রশস্ত সড়কে ১২ খুঁটিবিশিষ্ট জোড়া তোরণ এবং শহরের বাইরে আট খুঁটির একটি করে তোরণ নির্মাণ করা হচ্ছে। সড়কের পাশের যে স্থানে মানুষ হাঁটে ও ছোট যানবাহন চলাচল করে সেখানেই খুঁড়ে বাঁশের খুঁটিগুলো পোতা হচ্ছে। এতে সড়ক সরু হয়ে পড়ছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ২৭ নভেম্বর রাত দেড়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর শহরের হাজীপুর এলাকায় একটি গাড়ি নির্মাণাধীন একটি তোরণের সঙ্গে সংঘর্ষের পর উল্টে পড়ে। এতে কমপক্ষে পাঁচটি পণ্যবাহী দূরপাল্লার ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। এতে মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
সড়কের পাশের দোকানদার ও কয়েকজন পথচারীর সঙ্গে কথা হয়। তাঁরা জানান, আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে স্থানীয় নেতারা মহাসড়কের ওপর এভাবে তোরণ নির্মাণ করেন। এর আগে বিএনপিও প্রায়ই সড়কে তোরণ নির্মাণ করেছে। দলীয় কর্মসূচি শেষ হলেও দ্রুত তোরণগুলো সরানো হয় না। ফলে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।
রিকশা-ভ্যানের চালক ফিরোজ আলী বলেন, ‘সড়কের দুধারে ফুটপাতের ওপর এসব তোরণের খুঁটি পোঁতায় গাড়ি নিয়ে চলাচলে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় আমাদের। অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কের মধ্য দিয়ে যাত্রীদের নিয়ে চলতে হয়।’
এ ব্যাপারে শেরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব পিয়ার হোসেন বলেন, ‘দলীয় নেতাদের আগমন উপলক্ষে অভ্যর্থনা জানাতে এভাবে তোরণ নির্মাণ করা হয়। তবে সড়কটির গুরুত্ব মাথায় রেখেই তোরণগুলো নির্মাণ করা হয়। কর্মসূচির শেষে দ্রুত সেগুলো সরিয়ে নিলে ভালো হয়।’
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার বলেন, এভাবে তোরণ নির্মাণের ফলে মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয় এবং জনদুর্ভোগ বাড়ে—এ কথা সত্য। কিন্তু এভাবে তোরণ নির্মাণ করে দলীয় নেতাদের অভ্যর্থনা জানানো একটা রেওয়াজে পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত রয়েছে। তবে এ রীতি পাল্টানো দরকার।
বগুড়ার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান বলেন, তোরণ নির্মাণের জন্য খোঁড়াখুঁড়িতে মহাসড়কের ক্ষতি হয়। তবে পরিবহন ও পথচারীদের চলাচলে সবচেয়ে বেশি দুর্ভোগ হয়। এ ক্ষেত্রে জননিরাপত্তা ও সড়ক নিরাপত্তা দুটিই বিঘ্নিত হচ্ছে। নির্মাণকাজে বাধা দিলেও তো কোনো ফল মেলে না। সড়ক নিরাপত্তায় সবাই সচেতন হয়ে এগিয়ে এলেই সমস্যার সমাধান হওয়া সম্ভব।