মহাসড়কে গাছ ফেলে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের লালন শাহ সেতুর ভেড়ামারা প্রান্তে গাছ ফেলে যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাত একটার দিকে লালন শাহ সেতুর টোলপ্লাজার সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল অস্ত্রের মুখে ট্রাক ও প্রাইভেট গাড়ির যাত্রীদের কাছ থেকে টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতের কবলে পড়া যাত্রীরা জানান, ডাকাত দল গাছ কেটে রাস্তায় ফেলে রাখলে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের ওই স্থানে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। এ সময় ডাকাত দল তাদের কাছ থেকে টাকা, মুঠোফোনসহ বিভিন্ন জিনিস লুটে নেয়। পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীর ঠিকাদার মিরাজুল ইসলাম জানান, তাঁর ব্যবসায়িক কাজ শেষে গভীর রাতে তিনি ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের লালন শাহ সেতুর একটু দূরে ডাকাতের কবলে পড়েন। ১০-১২ জনের সশস্ত্র একদল ডাকাত এ সময় বিভিন্ন যানবাহনে গণহারে ডাকাতি করছিল। ভয়ে তিনি গাড়ির গ্লাস বন্ধ করে দেন। কিন্তু ডাকাতেরা গাড়ির গ্লাস ভেঙে দিয়ে অস্ত্রের মুখে তাঁর ৬৩ হাজার, অপর ব্যবসায়ী আবদুর রহমানের ২২ হাজার টাকা ও মুঠোফোন লুট করে।
পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-১ মাসুদুর রহমান জানান, দর্শনা থেকে পাকশী ফেরার পথে রাত একটার দিকে তিনি মহাসড়কে গাড়ির যানজটের দীর্ঘ সারি দেখে ভেবেছিলেন, সেখানে পুলিশ গাড়ি তল্লাশি করছে। এ সময় হঠাৎ করে তিন ব্যক্তি অস্ত্র উঁচিয়ে তাঁর মানিব্যাগসহ ১০ হাজার টাকা লুট করে নেয়। এভাবে বেশ কয়েকটি গাড়িতে ডাকাতেরা লুট করে।
সেতুর ভেড়ামারা প্রান্তে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম জানান, মহাসড়কে গাছ ফেলে ডাকাতির খবর পাওয়ার পর তিনি ওই রাতে ভেড়ামারা থানার ওসিকে বিষয়টি জানান।