মহাসড়কে গাছ ফেলে ডাকাতি
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গত মঙ্গলবার রাতে মহাসড়কে গাছ ফেলে বাস ও ট্রাকে ডাকাতি করা হয়েছে। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ সুতিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে সুতিরপাড় এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে ডাকাতেরা গাছ ফেলে সড়ক অবরোধ করে। এ সময় যাত্রীবাহী চার-পাঁচটি বাস ও দুটি ট্রাক আটকা পড়ে। ডাকাতেরা বাস ও ট্রাকের যাত্রীদের কাছ থেকে টাকা ও মুঠোফোন কেড়ে নেয়। খবর পেয়ে বড়াইগ্রাম থানার পুলিশ ও বনপাড়া হাইওয়ে পুলিশ দুদিক থেকে ডাকাতদের ধাওয়া করে। এতে ডাকাতেরা মাঠের মধ্যে পালিয়ে যায়। পরে গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
ডাকাতের কবলে পড়া হানিফ পরিবহনের যাত্রী আবদুল মালেক বলেন, ‘মহাসড়কে গাছ ফেলে রাস্তা বন্ধ করে দেওয়ায় আমাদের বাসটি থামতে বাধ্য হয়। এ সময় ডাকাতেরা আমার ও আরও তিন-চারজনের মুঠোফোন ও কিছু টাকা লুট করে নিয়ে যায়।’
তবে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গাছ ফেলে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। পুলিশের তৎপরতার কারণে ডাকাতদের উদ্দেশ্য সফল হয়নি।
এ ব্যাপারে বনপাড়া হাইওয়ে থানার ওসি ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ গাছ সরাতে ব্যস্ত থাকার ফাঁকে কিছু গাড়ির কাচ ভাঙচুর এবং যাত্রীদের টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যের স্বল্পতার কারণেই এমনটা হয়েছে। তবে দ্রুত ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের টহল দল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।