মহাসড়কে ট্রাক-রিকশার অবৈধ স্ট্যান্ড!
চট্টগ্রাম নগরের ঢাকা ট্রাংক রোডের (ডিটি রোড) আশপাশে এবং দেওয়ানহাট মোড়ে রাস্তা দখল করে গড়ে উঠেছে ট্রাক, বাস, টেম্পো ও রিকশার অবৈধ স্ট্যান্ড। ফলে এসব এলাকায় নিত্য যানজটের কবলে পড়ে ভোগান্তি পোহাচ্ছেন ঢাকা ও চট্টগ্রামগামী আন্তনগর পরিবহনগুলোর যাত্রীরা।
পুলিশের ট্রাফিক বিভাগের লোকবল সংকটের কারণে নিয়মিত অভিযান পরিচালনা করা যাচ্ছে না বলে জানা গেছে। এতে এসব যানবাহন প্রায়ই রাস্তা দখল করে রাস্তার ওপরই সব ধরনের মেরামতের কাজ সারার সুযোগ পাচ্ছে।
ট্রাংক রোড এলাকার পাহাড়তলী সিডিএ মার্কেট, হাজি ক্যাম্প, পাহাড়তলী চালের আড়ত, বারোকোয়ার্টার, ঈদগা, মনসুরাবাদ, আশকারাবাদ, দেওয়ানহাট খাদ্যগুদাম প্রভৃতি এলাকার সড়কের দুই পাশ দখল করে রেখেছে ট্রাক-বাস। এর মধ্যে দেওয়ানহাট মোড়ে ফ্লাইওভারের সামনে গড়ে তোলা হয়েছে টেম্পো স্ট্যান্ড। পাহাড়তলী হাজি ক্যাম্পের সামনের সড়ক এবং মনসুরাবাদে গড়ে উঠেছে রিকশার স্ট্যান্ড।
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে মনসুরাবাদ, বারোকোয়ার্টার প্রভৃতি এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশ দখল করে আছে ট্রাক। একই অবস্থা চোখে পড়ে সিডিএ মার্কেট এবং হাজি ক্যাম্পের আশপাশের সড়কেও। এখানে একটি অংশে সড়ক দখল করে রিকশা সারাইয়ের কাজ চলছে।
মনসুরাবাদ এলাকার বাসিন্দা আরিফুল হক বলেন, ঢাকা ট্রাংক রোডের চালের আড়ত ও মনসুরাবাদ যানজটের মূল কারণ ট্রাক। এগুলো সব সময়ই রাস্তা দখল করে রাখে।
চট্টগ্রাম মহানগর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আমীর পারভেজ বলেন, ‘চট্টগ্রাম মহানগরে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে চার-পাঁচ হাজার ট্রাক মালামাল নিয়ে আসে। নির্দিষ্ট কোনো টার্মিনাল না থাকায় এসব ভাসমান যান সাধারণত সড়কের পাশে অবস্থান নেয়। আমাদের সমিতির সদস্যদের কোনো গাড়ি সড়ক দখল করে রাখে না। কারণ সমিতির সদস্য প্রতিটি গাড়ির মালিককে তাঁদের নিজস্ব গ্যারেজে গাড়ি রাখতে অনুরোধ করা হয়েছে।’
যানজট এবং যানবাহনের অবৈধ স্ট্যান্ড প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং থানা এলাকার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা মাঝেমধ্যে এসব এলাকায় অভিযান চালিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা যানবাহনগুলো সরিয়ে দিই। কিন্তু আমাদের ট্রাফিক সাজে৴ন্টের সংখ্যা কম। ফলে নিয়মিত অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে না।’
পাহাড়তলী থানা এলাকার দায়িত্বপ্রাপ্ত টিআই মুন্সী হাফিজুর রহমান বলেন, ‘এলাকার চাহিদা অনুযায়ী ট্রাফিক সার্জেন্টের স্বল্পতা রয়েছে। এর মধ্যেও আমরা যানজট নিরসনে প্রায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। আজ (বৃহস্পতিবার) বিকেলেই আমরা অভিযান চালিয়ে ট্রাংক রোড থেকে একটি তেলবাহী ট্যাংক, একটি ট্রাক এবং পিক-আপ ভ্যান সরিয়ে নিয়েছি। পাহাড়তলী চালের আড়তসহ যেসব এলাকায় মালামাল ওঠানামা চলে সেখানে দুমুখী রাস্তার একপাশে ট্রাক রাখার নির্দেশনা দিয়েছি। ফলে এলোপাতাড়িভাবে যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রাখার সুযোগ পাচ্ছে না কেউ।’