মহাসড়কে ধানমাড়াই

ধান কেটে আনার পর চলে মাড়াইয়ের কাজ। মাড়াই শেষে শুরু হয় ধানের খড় শুকানো। এরপর স্তূপ করে রাখা হয় ওই সব শুকনো খড়। এসব কাজের সবই চলছে এখন ব্যস্ততম ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ওপর। ফলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সওজ) শেখ সোহেল বলেন, সড়ক দখল নিয়ে এ ধরনের কর্মকাণ্ড করা বেআইনি। বিষয়টি জেলা নিরাপদ সড়ক কমিটির সভায় আলোচনা করা হয়েছে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের বিভিন্ন স্থানে খেত থেকে ধান কেটে স্তূপ করে রাখা হয়েছে। পাশেই ওই সব ধান ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে মাড়াই করা হচ্ছে। মাড়াই শেষে ধান বাড়িতে নিয়ে গেলেও খড় সড়কের ওপরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সড়কের পাশে শুকানো হচ্ছে ওই সব খড়। আবার অনেকে খড় শুকানোর পর সড়কের পাশেই রেখেছেন। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে নানা যানবাহন।
এ ছাড়া ঠাকুরগাঁও-পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী-রানীশংকৈল, ঠাকুরগাঁও-রুহিয়া এবং ঠাকুরগাঁও-গড়েয়াসহ বিভিন্ন সড়কেও বোরো ধানমাড়াই ও খড় শুকানোর একই চিত্র দেখা যায়।
সদর উপজেলার কচুবাড়ি গ্রামের বাসিন্দা মকবুল হোসেন জানান, গত মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়কের কচুবাড়ি এলাকায় একটি পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এর আরোহী সড়কের পাশে পড়ে আহত হন। সড়কে ধানমাড়াই ও খড় শুকানোর কারণে মোটরসাইকেল আরোহী পিকআপটিকে সাইড দিতে দেরি করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
দেবীপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ সোহেল জানান, এ মৌসুমে ধানের খড় বিছানো সড়কে মোটরসাইকেল চালানো খুবই ঝুঁকিপূর্ণ। গত বছর তিনি খড়ের কারণে পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন।
ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের বাসচালক আমির আলী জানান, পঞ্চগড় থেকে দিনাজপুর পৌঁছাতে কর্তৃপক্ষ তাঁদের একটা নির্দিষ্ট সময় বেঁধে দেয়। ওই সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে না পারলে পরদিন ট্রিপ বাতিল করা হয়। কিন্তু মহাসড়কে ধানমাড়াই ও শুকানোর কাজ করায় নির্দিষ্ট গতিতে গাড়ি চলানো যায় না। তিনি বলেন, বিশেষ করে ভেজা খড়ের ওপর দিয়ে বাস চালানো খুবই ঝুঁকিপূর্ণ। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
কচুবাড়ি এলাকায় মহাসড়কের ওপর ধানমাড়াই করছিলেন কৃষক হাবিবুর রহমান। তিনি জানান, বাড়ির উঠান ছোট হওয়ায় এক একর জমির ধান একসঙ্গে মাড়াই করতে অসুবিধা হয়। তাই খোলামেলা এ সড়কটি ব্যবহার করছেন। দুর্ঘটনা ঘটতে পারে স্বীকার করে তিনি বলেন, ‘কী করিমো, বাড়িত জায়গা না থাকায় রাস্তাত ধান মাড়িবা হছে।’ মাদারগঞ্জ গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, এখন কেউ আগের মতো বাড়ির সামনে ফাঁকা জায়গা রাখে না। নিরুপায় হয়ে পিচঢালাই সড়ক ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।