মহাসড়কে পুলিশ-ডাকাত দুই দফা গুলিবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর ও বগুড়া-নাটোর মহাসড়কের দুটি স্থানে গত শুক্রবার দিবাগত রাতে যানবাহনে ডাকাতির চেষ্টা চালিয়েছে সশস্ত্র সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় পুলিশের সঙ্গে ডাকাতদের দুই দফা গুলিবিনিময় হয়েছে বলে পুলিশ দাবি করেছে। এ ঘটনার পর পুলিশ কিছু ধারালো অস্ত্র ও দুটি ট্রাক জব্দ করেছে। এ ছাড়া ১৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ডাকাত সদস্যরা হলেন: বগুড়ার সোনাতলা উপজেলার শালিকা গ্রামের আবদুল ওয়ারেছ (৩১), দক্ষিণ আটঘরিয়া গ্রামের আবদুল মোমিন (২২), কুশারগোফ গ্রামের তারাজুল ইসলাম (২০), কাহালু উপজেলার খেয়ারভুগোল গ্রামের ফরিদ উদ্দিন (৩০), বোনবোনাই গ্রামের মো. স্বপন (২২), পিলকুঞ্জ গ্রামের আকরাম হোসেন (৪০), মহিশামুরা গ্রামের আবদুল হান্নান (৩৫), বগুড়া সদর উপজেলার চাঁদমুয়া গ্রামের আবদুর রশিদ (২২), শিবগঞ্জ উপজেলার রহবল গ্রামের শহিদুল ইসলাম (২৩) ও মামুন মিয়া (১৯), টেপাগাড়ি গ্রামের ওয়াহেদ আলী (৩৫), আলাইপুর গ্রামের তারাজুল ইসলাম (৩৫), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনারপাড়া গ্রামের মো. পলাশ (২২), মাছতা গ্রামের বেলাল হোসেন (১৯), পিনু সরকার (২০) ও কলাকাটা হামছাপুর গ্রামের বাবু মিয়া (৩২) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ার শেখপাড়া গ্রামের মো. রুমন (১৯)।
শাজাহানপুর থানা-পুলিশ সূত্র জানায়, ডাকাত দলটি দুই ভাগে বিভক্ত হয়ে একটি দল ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি দ্বিতীয় বাইপাস সংযোগ সড়কে যানবাহনে ডাকাতির চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। অন্য দলটি বগুড়া-নাটোর মহাসড়কের নাদুরপুকুর এলাকায় যানবাহনে ডাকাতির চেষ্টাকালে সেখানেও পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। শুক্রবার রাত সোয়া ১০টা ও ১২টার দিকে এসব ঘটনা ঘটে।
তবে পুলিশের পক্ষে গুলিবিনিময়ের দাবি করা হলেও ডাকাতদের কাছ থেকে কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি তারা।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান দাবি করেন, ডাকাতেরা ভাগ হয়ে আলাদা দুটি মহাসড়কে ডাকাতির চেষ্টা চালালেও তারা একই দলের সদস্য। দলে আরও সদস্য ছিল। দুটি ঘটনায় পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলিবিনিময় হয়েছে। ডাকাত দল প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। পুলিশ পাল্টা ১০টি গুলি ছুড়েছে। গুলিবিনিময়ের পর ডাকাত দলের ১৭ জনকে আটক করা হলেও আরও কয়েকজন পালিয়ে গেছে। সম্ভবত পলাতক ডাকাতদের কাছেই অস্ত্র রয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।
এদিকে আটক ডাকাতদের গতকাল দুপুরে বগুড়ার পুলিশ সুপারের কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি করা হয়। এ সময় তাঁরা জানান, বগুড়ার মোকামতলার স্বপন নামে একজনের কাছ থেকে তাঁরা ট্রাক দুটি ভাড়া নেন। এরপর মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে দুই ভাগে ভাগ হন তাঁরা।