পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে মহাসড়কের জায়গা দখলের হিড়িক পড়েছে। মুলাডুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম মালিথার নির্দেশে দখলদারেরা সেখানে বাড়িঘর নির্মাণ করছেন।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পাবনা কার্যালয় ১৭ নভেম্বর মহাসড়কের জায়গায় স্থাপনা নির্মাণ বন্ধ এবং ইতিমধ্যে নির্মিত স্থাপনা দ্রুত অপসারণের জন্য ওই চেয়ারম্যানকে নোটিশ দিয়েছে। সর্বশেষ ২৬ নভেম্বর ১২ জনের বিরুদ্ধে উচ্ছেদ নোটিশ দেয় সওজ। এর পরও নির্মাণকাজ চলছে।
চেয়ারম্যান সেলিম মালিথা নোটিশ পাওয়ার কথা স্বীকার করে জানান, মহাসড়কের পাশে সরকারি জায়গায় ২০০ পরিবারের বসবাসের জন্য তিনি বাড়িঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন। প্রত্যেক পরিবারকে পাঁচ কাঠা করে জায়গা দেওয়া হয়েছে। এরা অধিকাংশই গরিব মানুষ। তাঁর ধারণা, এখানে বসবাস শুরু হলে মহাসড়কের মুলাডুলিতে বাসে ডাকাতি ও ছিনতাই হবে না। তাই সেখানে বসতি স্থাপন করে ডাকাতি ঠেকানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সওজের পাবনা কার্যালয় সূত্র জানায়, পাবনা-নাটোর-রাজশাহী মহাসড়কের ঈশ্বরদীর মুলাডুলিতে সওজের জায়গায় চেয়ারম্যান সেলিম মালিথার নির্দেশে একশ্রেণির দখলদার অবৈধভাবে ঘরবাড়ি তৈরি করছেন। দখলদারেরা মহাসড়কের দুই পাশের সরকারি জমির মাটি কেটে ভিটি তৈরি করে ঘর তুলছেন। সওজ কার্যালয় থেকে ইতিমধ্যে দখলদারদের নামের তালিকা তৈরির কাজ শুরু করা হয়েছে।
১৭ নভেম্বর দুপুরে সরেজমিনে দেখা গেছে, মুলাডুলি ইক্ষু খামার থেকে শুরু করে মুলাডুলি কলেজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারজুড়ে মহাসড়কের দুই পাশের জায়গায় বাঁশ ও সিমেন্টের খুঁটি পুঁতে দখলে নেওয়া হয়েছে। সড়কের পূর্ব পাশে ঘরবাড়ি নির্মাণের কাজ চলছে। দখলদারেরা মহাসড়কের ঢালু থেকে মাটি কেটে ঘরের ভিটি তৈরির কাজ করছেন। ইতিমধ্যে ১৮টি ঘর তৈরি করা হয়েছে।
দখলদারদের একজন বুদুরাম বিশ্বাস জানান, চেয়ারম্যান সেলিম মালিথার নামে এখানে ‘সেলিম নগর’ গ্রাম হবে। গ্রামের দুই পাশে থাকবে সেলিম নগরের সাইনবোর্ড। চেয়ারম্যান তাঁকে এখানে পাঁচ কাঠা জায়গা বরাদ্দ দিয়েছেন। ইতিমধ্যে তিনি দুটি টিনের ঘর ও শৌচাগার তৈরি করে সেখানে বসবাস শুরু করেছেন। মুসা মোল্লা জানান, মুলাডুলির হাজিপাড়ায় তিনি ভাড়া থাকতেন। চেয়ারম্যানের নির্দেশে এখানে ঘর তুলছেন। এখানে শিমখেত ছিল। ঘর করার সময় শিমখেত কেটে ফেলা হয়। মিন্টু মিয়ার স্ত্রী রত্না বেগম বলেন, তিনিও এখানে ঘর তুলেছেন চেয়ারম্যানের নির্দেশে। লিপি বেগম জানান, তাঁর দখলের জমিতে শিমখেতের ক্ষতিপূরণ হিসেবে তিনি স্থানীয় এক ইউপি সদস্যের মাধ্যমে তিন হাজার টাকা দিয়েছেন। কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা কত টাকা পেয়েছেন, তা তিনি জানেন না।
মুলাডুলি খাঁ পাড়া গ্রামের দরিদ্র কৃষক কাজিমুদ্দিনের অভিযোগ, মহাসড়কের পতিত জমিতে তিনি শিম চাষ করেন। কিন্তু দখলদারেরা কয়েক দিন আগে তাঁর সেই শিমগাছ কেটে সেখানে বাড়িঘর তৈরি শুরু করেন। এভাবে ফরিদপুর গ্রামের জাহেদ আলী, সোলেমান হোসেনসহ গ্রামের বেশ কয়েকজন গরিব কৃষকের শিমখেত নষ্ট করে সেখানে বাড়িঘর তৈরি হচ্ছে।
সওজ পাবনা-২-এর উপবিভাগীয় প্রকৌশলী মির্জা মেজাদুল হক জানান, মুলাডুলি ইউপি চেয়ারম্যানের নামে সেলিম নগর গুচ্ছগ্রাম হচ্ছে বলে তাঁরা লোক মারফত জেনেছেন। এ অবৈধ নির্মাণকাজ বন্ধ ও নির্মিত বাড়িঘর দ্রুত অপসারণের জন্য ১৭ নভেম্বর ওই চেয়ারম্যানকে পাবনা সওজ কার্যালয় থেকে নোটিশ দেওয়া হয়েছে। এর পরও দখল ও নির্মাণকাজ বন্ধ হচ্ছে না।