ঝিনাইদহ থেকে ‘পুলিশের পরিচয় দিয়ে’ উঠিয়ে নিয়ে যাওয়া যুবদল নেতা তৈয়বুর রহমান ওরফে তুরানের (৩০) লাশ পাওয়া গেছে গতকাল শুক্রবার। মাগুরা সদর উপজেলার মাগুরা সদর সাচানী গ্রামে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ধারে পাওয়া যায় তাঁর গুলিবিদ্ধ লাশ।
তৈয়বুর ঝিনাইদহ শহরের চর খাজুরা গ্রামের আজিজুর রহমানের ছেলে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন যুবদলের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।
তৈয়বুরের স্ত্রী তানিয়া সুলতানা জানান, ঝিনাইদহ শহরে তাঁর স্বামীর একটি ওয়ার্কশপের দোকান আছে। ৩ এপ্রিল সন্ধ্যার দিকে তাঁর স্বামী বাড়ি থেকে ওয়ার্কশপে যাওয়ার জন্য বের হন। কিছুক্ষণ পর তাঁরা জানতে পারেন শহরের আরাপপুর এলাকা থেকে তাঁর স্বামীকে কারা যেন তুলে নিয়ে গেছে। খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে জানতে পারেন, কয়েকজন লোক একটি সাদা মাইক্রোবাসে করে এসে তৈয়বুরকে তুলে নিয়ে গেছেন। যাঁরা তুলে নিয়ে গেছেন তাঁদের হাতে অস্ত্র ছিল। তাঁরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তুরানকে তুলে নিয়ে যান। এর পর থেকে তৈয়বুরের সন্ধান মেলেনি। পুলিশের কাছে গেলে জানায়, তারা এ বিষয়ে কিছু জানে না। এ ঘটনার পরদিন ৪ এপ্রিল তৈয়বুরের স্ত্রী তানিয়া সুলতানা ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির হোসেন জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে গতকাল সকাল নয়টার দিকে মাগুরা সদর উপজেলার সাচানী গ্রামে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির কানের পাশে গুলি করার চিহ্ন। মুখ কাপড়ে বাঁধা ছিল। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত তৈয়বুরের স্ত্রী তানিয়া সুলতানা জানান, রাজনৈতিক কারণেই তাঁর স্বামীকে এভাবে হত্যা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, পুলিশের পরিচয়ে অপহরণের পর পরই তাঁরা পুলিশের কাছে গিয়েছিলেন। কিন্তু পুলিশ প্রথম থেকেই বিষয়টি অস্বীকার করে।
ঝিনাইদহ সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, লাশ উদ্ধারের খবর তাঁরা পেয়েছেন। পুলিশ বা প্রশাসনের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নয়।
ঝিনাইদহ জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মীর ফজলে এলাহী জানান, নিহত তৈয়বুর যুবদলের পাগলাকানাই ইউনিয়ন কমিটির সদস্য ছিলেন। দলের সক্রিয় নেতা হওয়ায় তাঁকে মেরে ফেলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এর আগে গত ১৭ মার্চ একইভাবে ঝিনাইদহ শহর থেকে পুলিশ পরিচয় দিয়ে উঠিয়ে নিয়ে যাওয়া হয় পৌর যুবদলের সহসভাপতি মিরাজুল ইসলামকে। ২৫ মার্চ তাঁর লাশ পাওয়া যায় চুয়াডাঙ্গায়। পুলিশ তাঁকে আটকের কথাও অস্বীকার করে।