মহাসড়কে গরুর ট্রাকে চাঁদাবাজি

‘হামি ইন্টারমিডিয়েট পাস কর্যা ট্রাকের স্টিয়ারিং ধরছি। টিভিত দেখছি পুলিশের সবচে বড় স্যারে (আইজিপি) কতিছে, রাস্তাত কুনো ট্রাক খাড়াবে না, চান্দাবাজি তো দূরের কথা। কিন্তুক পুলিশ হ্যাগো স্যারের কতা শুনতিছি না।’
রংপুর থেকে গাবতলী হাটে গরু নিয়ে আসা ট্রাকচালক তৌহিদুল ইসলাম বলছিলেন এসব কথা। তাঁর সঙ্গে সুর মেলালেন পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে গরু নিয়ে আসা ট্রাকচালক মতিউর রহমানও। তবে চাঁদাবাজি আগের তুলনায় অনেক কমেছে বলে জানিয়েছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ট্রাকচালকেরা। কম বললেও রাস্তায় ট্রাকপ্রতি অন্তত ২০০ টাকা চাঁদা দিতে হচ্ছে তাঁদের। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গাবতলী ও বছিলা হাট ঘুরে এসব তথ্য জানা গেছে।
গাবতলী হাটে কোরবানির জন্য আনা গরু বাঁধার অস্থায়ী খুঁটিগুলো এখনো খালি। একটা অংশে খুঁটি পোঁতাই শেষ হয়নি। এর মধ্যেই হাটে ঢুকছে দু-একটি ট্রাক। দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ট্রাকচালক-ব্যাপারীরা চাঁদাবাজির তেমন কোনো অভিযোগ না করলেও উত্তরাঞ্চল থেকে আসা ট্রাকচালকেরা পুলিশের চাঁদাবাজির অভিযোগ করলেন।
এর আগে ৭ সেপ্টেম্বর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে বলেন, সুনির্দিষ্ট তথ্য ছাড়া রাস্তায় কোরবানির পশুবাহী কোনো ট্রাক থামাবে না পুলিশ। এমনকি কাগজপত্র পরীক্ষার অজুহাতেও পশুবাহী ট্রাক যাতে থামানো না হয়, এ ব্যাপারে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে ট্রাকচালকেরা বলছেন, তাঁদের চাঁদা দিতেই হচ্ছে। পুলিশও রাস্তায় গাড়ি থামানোর জন্য সংকেত দিচ্ছে। বগুড়ার ট্রাকচালক তৌহিদুলের অভিযোগ, রংপুর থেকে গরু নিয়ে আসার পথে প্রথমেই মিঠাপুকুরে হাইওয়ে পুলিশের ফাঁড়ির সামনে ২০০ টাকা চাঁদা দিয়েছেন। এরপরে গভীর রাতে বগুড়ার নন্দীগ্রামে পুলিশ তাঁকে থামানোর চেষ্টা করে। কিন্তু তিনি গাড়ি না থামিয়েই চলে এসেছেন। এরপরে বঙ্গবন্ধু সেতুর আগে সিরাজগঞ্জ জেলা পুলিশের আওতায় চাঁদা দিতে হয়েছে দু শ টাকা। টাঙ্গাইলের এলেঙ্গায় পুলিশকে ২০ টাকা দিয়েই পার পেয়েছেন তিনি। গাজীপুরের চন্দ্রা মোড়ে এসে আবারও পুলিশ তাঁর গাড়ি থামায়। তাঁকে গাড়ি থেকে নামতে বাধ্য করা হয়।
তৌহিদুল বলেন, ‘চান্দুরায় (চন্দ্রা) আমারে জোর কইরে গাড়ি থেকে নামাইছে। আমি স্যারগো (পুলিশকে) বলছি যে আমি টিভিত দেখছি, বড় স্যারে গাড়ি থামাইতে মানা করছে। স্যাররা (পুলিশ) আমাক কইছে, এখানে মামলা দিলে পরে তোক কে বাঁচাবে। আমি কইছি, স্যার, আমার ধারে টাকা নাই, পকেটে ২০ টাকা আছে মাত্র। থাকলে দিতাম। পরে এক স্যার আইসা কইছে, “যা যা, জলদি গাড়ি সরা”।’
দেবীগঞ্জ থেকে আসা ট্রাকচালক মতিউর বলেন, রংপুরের মিঠাপুকুরে হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে রাত-দিন পুলিশ গাড়ি নিয়ে বসে থাকে। সেখানে টাকা দিতেই হয়। এবারও তিনি দু শ টাকা দিয়েছেন। বগুড়ার নন্দীগ্রামে পুলিশ ট্রাক থামানোর চেষ্টা করলে তিনি থামাতে চাননি। লাঠি দিয়ে আঘাত করে পুলিশ তাঁর নতুন ট্রাকের দরজায় গর্ত করে ফেলেছে। পরে গাড়ি থামানোর পরে আরও কয়েকজন ট্রাকচালক মিলে হইচই করে পার পান। তিনিও বঙ্গবন্ধু সেতুর আগে দু শ টাকা দিয়েছেন বলে জানান।
এদিকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ থেকে পদ্মা পার হয়ে আসা ব্যাপারী ও ট্রাকচালকেরা আবার বললেন, পুলিশের চাঁদাবাজি অনেক কমেছে।
চুয়াডাঙ্গা থেকে আসা ব্যবসায়ী মান্নু মিয়া বলেন, কুষ্টিয়ায় পুলিশকে ১০০ টাকা, ঝিনাইদহে পুলিশকে ১০০ ও শ্রমিক সমিতিকে ১০০ টাকা, আর ঘাটে দৌলতদিয়া প্রান্তে ফেরিতে সিরিয়ালের জন্য ২০০ টাকা আর পুলিশকে ১০০ টাকা দিতে হয়েছে। তবে ঘাট পার হয়ে কোথাও কোনো টাকা দিতে হয়নি।
বছিলা হাটে কুষ্টিয়া থেকে গরু নিয়ে আসা নাফিরুল বিশ্বাস বলেন, তিনি ৩০ হাজার টাকা ভাড়া দিয়ে একটি ট্রাকে বড় মাপের ২১টি গরু এনেছেন। তাঁকে ভেড়ামাড়ায় আড়াই শ টাকা ও টাঙ্গাইলে আড়াই শ টাকা চাঁদা দিতে হয়েছে।
গাবতলী হাটের বাশার ব্যাপারী বলেন, গত দুই ঈদে তাঁর ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। পাবনার ঈশ্বরদী থেকে সাতটি বড় গরু এনেছেন, দু-এক দিনের মধ্যেই দ্বিতীয় চালানে গরু আনতে যাবেন। চাঁদাবাজি নিয়ে তাঁর কোনো অভিযোগ নেই। প্রত্যাশা করছেন ভারতীয় গরু আসবে না এবং এবার তাঁরা গরুর ভালো দাম পাবেন।
ঢাকায় ১৯ সেপ্টেম্বরের আগে গরু ঢুকতে দেওয়া হবে না বলে ঢাকা মহানগর পুলিশ ঘোষণা দিলেও এর মধ্যেই দু-একটি ট্রাক ঢাকায় ঢুকছে। বছিলা হাটের ইজারাদার তারেকুজ্জামান রাজীব বলেন, এবার তুলনামূলক স্বচ্ছন্দে গরু ঢাকায় ঢুকছে। তবে পুলিশের লোকজন হাটে এসে ১৯ সেপ্টেম্বরের আগে গরু না ওঠানোর কথা বলে গেছেন।
ওই হাটের এক অংশীদার বলেন, পুলিশ বারবারই এসে বলছে ১৯ সেপ্টেম্বরের আগে গরু না ওঠানোর কথা। তবে হাটের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ না চাইলে গাবতলী হয়ে ট্রাক ঢুকছে কী করে? প্রয়োজনে পুলিশ যেন সব গরু বেঁধে থানায় নিয়ে যায়। তবে মানবিক কারণে কোনো পক্ষই কঠোর অবস্থানে যাচ্ছে না।