মহাসড়কে ট্রাক শ্রমিক ইউনিয়নের চাঁদাবাজি?
লাল কাপড় বাঁধা ছোট লাঠি হাতে নিয়ে মহাসড়কে থামানো হচ্ছে পণ্যবাহী ট্রাক। এরপর চালক-সহকারীকে ‘চেকপোস্ট’-এ ডেকে নিয়ে আদায় করা হচ্ছে টাকা। বগুড়ার চণ্ডীহারা এলাকায় পরিচয়পত্র ও চালান যাচাইয়ের নামে ঢাকা-রংপুর মহাসড়কে এভাবে চাঁদাবাজি চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ট্রাকচালকদের অভিযোগ, ঈদুল ফিতর সামনে রেখে এক সপ্তাহেরও বেশি সময় ধরে বগুড়া আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের নামে মহাসড়কে এভাবে টাকা আদায় করা হচ্ছে। ট্রাকপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে।
বগুড়া আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান বলেন, ‘কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের নির্দেশে মহাসড়কে চেকপোস্ট (তল্লাশিচৌকি) বসিয়ে শ্রমিকদের পরিচয়পত্র ও চালান চেকিং চলছে। পরিচয়পত্র না থাকলে ৫০ থেকে ৮০ টাকা করে জরিমানা নেওয়ার কথা। তবে বগুড়ার শ্রমিক হলে সংগঠনে ভর্তি বাবদ কিছু বেশি নেওয়া হতে পারে। বাইরের জেলার ট্রাক থেকে ৮০ টাকার বেশি চাঁদা তোলার কথা নয়। এমন অভিযোগ পাওয়া গেলে চেকপোস্ট বন্ধ করে দেওয়া হবে।’
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বগুড়ার সহকারী পরিচালক কাজী মো. মোরছালিন বলেন, ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ অনুযায়ী নির্বাহী হাকিম, মোটরযান পরিদর্শক বা পুলিশের উপপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ছাড়া অন্য কারও মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন থামিয়ে কাগজপত্র তল্লাশির এখতিয়ার নেই।
হাইওয়ে পুলিশের ভাষ্যমতে, উত্তরাঞ্চলের হিলি, বাংলাবান্ধা ও বুড়িমারী এবং পশ্চিম, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সোনামসজিদ, বেনাপোল ও ভোমরা—এই ছয়টি স্থলবন্দর থেকে প্রতিদিন গড়ে এক হাজার পণ্যবাহী ট্রাক ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে চলাচল করে। এর বাইরে চট্টগ্রাম, খাতুনগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে নানা পণ্য খালাস করতে এবং উত্তরাঞ্চল থেকে খাদ্যশস্য ও সবজি পরিবহনে যাতায়াত করে আরও হাজার খানেক ট্রাক।
গত শনিবার দুপুরে মহাসড়কের চণ্ডীহারা এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়কের এক পাশে চেয়ার-টেবিল নিয়ে বসে আছেন কয়েকজন শ্রমিক। তাঁদের হাতে চাঁদার রসিদ বই। পাশে রঙিন ব্যানারে লেখা রয়েছে ‘পরিচয়পত্র ও চালান চেকিংয়ের কাজ চলিতেছে’। কয়েকজন শ্রমিক লাল কাপড়ের ঝান্ডা হাতে ট্রাক থামাচ্ছেন। এরপর ট্রাক থেকে চালক বা সহকারীকে ডেকে ট্রাক ইউনিয়নের দেওয়া পরিচয়পত্র দেখতে চাওয়া হচ্ছে। দেখাতে না পারলেই শ্রমিকদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে জরিমানার রসিদ। না দিলে দীর্ঘক্ষণ আটকে রাখা হচ্ছে ট্রাক। এ সময় মহাসড়কে আটকে রাখা বেশ কয়েকটি ট্রাক দেখা যায়। এই প্রতিবেদক প্রায় আধা ঘণ্টা অবস্থান করে অর্ধশতাধিক ট্রাকচালকের কাছ থেকে জরিমানা আদায় করতে দেখেন।
ট্রাকচালকেরা বলেন, পরিচয়পত্র চেকিংয়ের নামে কয়েক দিন ধরে মহাসড়কে ট্রাক শ্রমিক ইউনিয়নের চাঁদাবাজিতে তাঁরা অতিষ্ঠ। কিন্তু বগুড়ার ওপর দিয়ে চলাচল করা ছাড়া অন্য উপায় না থাকায় তাঁরা প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
ট্রাকচালক আবদুর রহিম বলেন, ‘বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে। অথচ প্রায় ১০-১২ দিন ধরে মহাসড়কের এই স্থানে পরিচয়পত্র চেকিংয়ের নামে চাঁদাবাজি চলছে। অন্য জেলার শ্রমিক আমি। বগুড়ার পরিচয়পত্র নিয়ে কী করব? এভাবে চললে আমাদের পরিবার চলবে কী করে?’
চাঁদা আদায়কারী দুজন শ্রমিক বলেন, আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এ চাঁদা তোলা হচ্ছে।
কয়েকজন ট্রাকচালক বলেন, ‘পরিচয়পত্র যাচাই একটা অজুহাত মাত্র। আসল উদ্দেশ্য ঈদ সামনে রেখে পকেটভারী করা। ফেডারেশনের নির্দেশেই যদি এই চেকপোস্ট বসানো হয় তবে তা বগুড়ায় না বসিয়ে প্রত্যন্ত এলাকায় কেন?’
বগুড়া হাইওয়ে পুলিশ সুপার ইসরাইল হাওলাদার বলেন, ‘মহাসড়কে চেকপোস্ট বসিয়ে চাঁদাবাজি হাইওয়ে পুলিশের নজরে আসেনি। পুলিশের নজরে এলে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।’