মহাসড়কে ডাকাতি তিনজনকে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় গত সোমবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
বড়াইগ্রাম থানার পুলিশ ও কয়েকজন পথচারী সূত্রে জানা যায়, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় সোমবার রাত ১১টার দিকে একটি বিকল ট্রাক সড়কে আড়াআড়ি করে ফেলে রাখে ডাকাতেরা। এতে উভয় পাশে ট্রাক ও বাসের জটলা বাধে। এ সময় ডাকাতেরা কয়েকটি ট্রাকে উঠে ডাকাতি শুরু করে। ঘটনাস্থলের পাশে অবস্থিত নুরে আলম ফুয়েল স্টেশনের মালিক আবদুস সাত্তার বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা শ্রীরামপুর এলাকার দিকে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাক সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
ওই ঘটনার প্রায় দুই ঘণ্টা পর রাত একটার দিকে দুর্বৃত্তরা আবারও হানিফ পরিবহনের একটি বাস থামিয়ে ডাকাতি করে পালিয়ে যায়।
এ ব্যাপারে থানার উপপরিদর্শক (এসআই) পার্থ বড়ুয়া বলেন, ডাকাতি সংঘটিত হয়নি। ডাকাতিচেষ্টার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গেছেন। তার আগেই ডাকাতেরা পালিয়েছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে গতকাল উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের রয়নাভরট গ্রামের গোলাম হোসেন (৩৫), মাসুদ রানা (২৭) ও মিন্টু মিয়াকে (২৩) আটক করেছে পুলিশ। তাঁদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে।