মহাসড়কে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে গতকাল শনিবার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে দেড় ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।
পুলিশ ও এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে সরাইল বিশ্বরোড মোড়ের গোল চত্বরে বাসভাড়া কম দেওয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের বাসের কর্মী দুখু মিয়ার (১৮) সঙ্গে সরাইলের কুট্টাপাড়া গ্রামের ফরহাদ মিয়ার (২২) কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার পর দুজনই গ্রাম থেকে লোকজন ডেকে এনে সংঘর্ষে জড়ান। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দা, বল্লম, লাঠিসোঁটা ও ইটপাটকেল ব্যবহার করে।
সংঘর্ষের জন্য এক পক্ষ অপর পক্ষকে দায়ী করেছে। ফরহাদ মিয়া বলেন, বাসভাড়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুখু মিয়া তাঁকে লাঠি দিয়ে আঘাত করেন। এ কারণেই তাঁর পক্ষের লোকজন উত্তেজিত হয়। তবে দুখু মিয়ার বড় ভাই আলাউদ্দীন বলেন, ফরহাদ ভাড়া কম দেওয়ায় তাঁর ভাই প্রতিবাদ করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে অন্যায়ভাবে মারধর করে ফরহাদের লোকজন।
সংঘর্ষে গুরুতর আহত রাজন মিয়া (২০) ও মহসিন মিয়াকে (২৬) ঢাকায় পাঠানো হয়েছে। দুখু মিয়া, আবুসান মিয়া (৫০), পলাশ মিয়া (১২) শাকিল মিয়া (১৭) ও আকবর আলীকে (৩৫) ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষ চলাকালে বিশ্বরোড মোড়ের ১০-১২টি দোকানে ভাঙচুর ও লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। খাঁটিহাতা বিশ্বরোড মোড়ের দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন বলেন, এসব দোকানের অন্তত ২০ লাখ টাকার মালামাল নষ্ট ও লুটপাট হয়েছে।
এদিকে সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল ও আশুগঞ্জ থানা-পুলিশ এবং ভৈরবের র্যা ব-১৪ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাস ও রাবারের গুলি ছুড়ে বেলা সোয়া একটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর মহাসড়ক দুটিতে যান চলাচল স্বাভাবিক হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লাঠিপেটার পাশাপাশি ৫১টি রাবারের গুলি ও কাঁদানে গ্যাসের নয়টি শেল ছুড়তে হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।