মহাসড়কে দুই গ্রামের সংঘর্ষ, যান চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এরপর যান চলাচল বন্ধ হয়ে যায়। দেড় ঘণ্টা পর বেলা সোয়া একটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের এক যুবকের সঙ্গে বুধল ইউনিয়নের খাটিহাতা গ্রামের এক যুবকের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর পৌনে ১২টার দিকে উভয় গ্রামের লোকজন দা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কের বিশ্বরোড মোড় এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই গ্রামের অন্তত ৫০ জন আহত হয়। এতে ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট মহাসড়কের তিন দিকের অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে বিভিন্ন যানবাহনের কয়েক শ যাত্রী।
সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, বেলা সোয়া একটার দিকে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।