মহাসড়কে নছিমন করিমন ও ভটভটি চলাচল নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে শ্যালো ইঞ্জিনচালিত নছিমন-করিমন-ভটভটি চলতে পারবে না। এগুলো যাতে মহাসড়কে চলতে না পারে, সে জন্য সব জেলা প্রশাসনের প্রতি নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করতে স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশের ৫৩ ধারা অনুসারে এই সার্কুলার জারি করতে বলা হয়েছে। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গতকাল বুধবার এটিসহ চার দফা নির্দেশনা দিয়ে রায় দেন।

অপর নির্দেশনায় ১০টি জেলার মহাসড়কে নছিমন-করিমন-ভটভটির মতো বেআইনি ও অনুপযোগী যান চলাচল বন্ধ করতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হাইওয়ে পুলিশের ডিআইজি এবং ওই ১০ জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলেছেন, মহাসড়কে নছিমন-করিমন-ভটভটি চলতে দেখা গেলে এর মালিক ও চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বিবাদীদের নির্দেশ দেওয়া যাচ্ছে। ওই ১০ জেলা হলো যশোর, খুলনা, কুষ্টিয়া, নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সাতক্ষীরা, মাগুরা ও বাগেরহাট।

অপর নির্দেশনায় বলা হয়, ১৯৮৩ সালের ওই অধ্যাদেশের ৪৭ ধারা অনুসারে যথাযথ কর্তৃপক্ষের ইস্যু করা ফিটনেস সনদ ছাড়া কোনো মটরযান চলার অনুমতি না দিতে বিবাদীদের নির্দেশ দেওয়া যাচ্ছে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আদালত বলেছেন বিষয়টি চলমান তদারকিতে থাকবে। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন ছয় মাস পরপর আদালতে দাখিল করতে বলা হয়েছে। স্বরাষ্ট্রসচিব, ডিআইজি (হাইওয়ে) ও ১০ জেলার পুলিশ সুপারকে এই প্রতিবেদন দিতে হবে।

২০১৩ সালের ১৫ নভেম্বর ‘মহাসড়কে দুর্ঘটনার কারণ অবৈধ যান নছিমন, করিমন, ভটভটি’ এবং ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি ‘বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৫৭’ শিরোনামে জাতীয় দৈনিকে দুটি প্রতিবেদন ছাপা হয়। এ দুটি যুক্ত করে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস ও পিস ফর বাংলাদেশের পক্ষে রিটটি করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট রুলসহ ওই ১০ জেলার মহাসড়ক থেকে নছিমন, করিমন ও ভটভটি প্রত্যাহারের জন্য অন্তর্বর্তীকালীন আদেশ দেন।