মহাসড়কে পুলিশ চাঁদাবাজি করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বিরুদ্ধে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে যানবাহন থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ আনোয়ারুল আবেদিন খান এ অভিযোগ করেন। গতকাল রোববার ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অসহায়, দরিদ্র ও দুস্থ ব্যক্তিদের মধ্যে ঐচ্ছিক তহবিল থেকে অর্থ বিতরণের পর সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

সাংসদ তাঁর ঐচ্ছিক তহবিল থেকে ২ লাখ ৪৫ হাজার টাকা বিতরণ করেন। উপস্থিত ১৪ জনের প্রতে৵ককে ৪ হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিতরণ কার্যক্রম গতকালকের মতো স্থগিত করা হয়। আর ৩৯ জনকে সুবিধাজনক সময়ে একই পরিমাণ করে আর্থিক সহযোগিতা করা হবে বলে সাংসদ আনোয়ারুল আবেদিন জানান। এ সময় সেখানে নান্দাইলের সহকারী কমিশনার (ভূমি) তামিম আল ইয়ামীনসহ সরকারি দপ্তরের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সাংসদ আনোয়ারুল আবেদিন খান বলেন, তিনি ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক দিয়ে নান্দাইলে আসার সময় দেখতে পান, উপজেলা খামার ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে মহাসড়কের ওপর যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক ও বিভিন্ন ধরনের যানবাহন সার বেঁধে দাঁড়ানো। তিনি সারি ভেঙে নিজের গাড়িটি নিয়ে এগিয়ে যান। এ সময় দূর থেকে দেখতে পান, নান্দাইল হাইওয়ে থানা-পুলিশ এসব যানবাহন থামিয়েছে। এ সময় তিনি একাধিক যানবাহনের চালকের সঙ্গে কথা বলে জানতে পারেন, গাড়ির কাগজপত্র পরীক্ষার নাম করে টাকা আদায় করছে পুলিশের দলটি। অভিযোগ পেয়ে পরে তিনি পুলিশের দলটিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার নির্দেশ দেন।

সাংসদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই এলাকায় খোঁজ নিলে আশপাশের ফসলি জমিতে কর্মরত এলাকার চারজন বাসিন্দা বলেন, নীল রঙের একটি গাড়িতে করে পুলিশ এসে ট্রাক-বাস থামিয়েছিল বলে দেখেছেন তাঁরা। তবে চাঁদা আদায় করা হয়েছে কি না, তা তাঁরা জানেন না।

এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ওসি মো. অহিদুজ্জামান বলেন, ‘হাইওয়ে থানা-পুলিশ সড়কে চাঁদাবাজি করে না। গাড়ির কাগজপত্র পরীক্ষা, মাদক ও আগ্নেয়াস্ত্রের চালান স্থানান্তরের তথ্য পেয়ে হাইওয়ে পুলিশ যানবাহনে তল্লাশি চালায়। সেই এখতিয়ার পুলিশের আছে। যদি চাঁদাবাজির কথা বলেন, তাহলে মহাসড়কে লাঠি হাতে কারা চাঁদাবাজিতে লিপ্ত, সে সম্পর্কে খোঁজ নিয়ে দেখুন।’