মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, আহত ৫
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার রাতে প্রাইভেট কার থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা গাড়িতে থাকা ব্যক্তিদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকাসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা কুপিয়ে ও পিটিয়ে পাঁচজনকে আহত করে।
আহত ব্যক্তিরা হলেন ব্যবসায়ী সায়েম মিয়া, নাদিম মিয়া, নাঈম মিয়া, কালাম মিয়া ও গাড়ির চালক হৃদয় মিয়া। তাঁরা সবাই উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকার বাসিন্দা। গাউছিয়া মার্কেটে তাঁদের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
আহত সায়েম মিয়া বলেন, দীর্ঘদিন ধরে তিনি ও তাঁর ভাই নাদিম মিয়া, নাঈম মিয়া, কালাম মিয়া গাউছিয়া মার্কেটে ফ্যান্টাসি কালার ল্যাব, ইউনাইটেড টেলিকম, ফাইভ স্টার ট্রেড করপোরেশন নামে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। প্রতিদিনের মতো তাঁরা বুধবার রাত ১১টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে নিজেদের প্রাইভেট কারে করে গন্ধর্বপুরের বাড়িতে ফিরছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের বটতলা বাংলাকেটের সামনে ১২-১৩ জনের একদল ডাকাত দুটি সাদা মাইক্রোবাস দিয়ে প্রাইভেট কারটির গতি রোধ করে। এ সময় ডাকাতেরা প্রাইভেট কারের কাচ ভেঙে অস্ত্র ঠেকিয়ে তাঁদের জিম্মি করে ফেলে। একপর্যায়ে তাঁদের কাছে থাকা সাড়ে চার লাখ টাকা, সাতটি মুঠোফোন, একটি ল্যাপটপ, ক্রেডিট কার্ডসহ বিভিন্ন মালামাল লুটে নেয়। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে নাঈম মিয়াকে কুপিয়ে এবং তাঁকে (সায়েম), নাদিম, কালাম ও গাড়ির চালক হৃদয়কে পিটিয়ে গুরুতর আহত করে তারা। এরপর ডাকাতেরা কালামকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে উপজেলার মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কের কুশাব এলাকায় সড়কের পাশের একটি ডোবায় তাঁকে ফেলে দেয়। রাত একটার দিকে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়। এ ছাড়া লুট হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।