মহাসড়কে ফের দুপক্ষের সংঘর্ষ, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় গোল চত্বরে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবারের এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। এ সময় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে ৯-১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এর আগে শনিবার দুপুরে সরাইল বিশ্বরোড মোড়ে লোকাল বাসের ভাড়া আদায় নিয়ে সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের বাসযাত্রী ফরহাদ মিয়ার (২২) সঙ্গে পাশের সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের বাসশ্রমিক দুখু মিয়ার (১৮) হাতাহাতি হয়। ওই দিন মহাসড়কের ওপর দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবারের ঘটনার জের ধরে গতকাল বেলা ১১টার দিকে কুট্টাপাড়া ও খাঁটিহাতার বাসিন্দারা বিশ্বরোড মোড় এলাকায় দা, বল্লম, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পাশের চার-পাঁচটি গ্রামের বাসিন্দারা যোগ দেওয়ায় সংঘর্ষ তীব্র হয়।
এতে দুটি মহাসড়কে ৯-১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ উভয় পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এ সময় তাঁরা মহাসড়ক থেকে সরে যায়। স্বাভাবিক হয় যান চলাচল।

তবে মহাসড়কের পাশের ফসলের মাঠে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত থাকে। পরে পুলিশ ও র‌্যাব সেখানে লাঠিপেটা এবং বিপুল পরিমাণ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিকেল পাঁচটার দিকে উভয় পক্ষের মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে উভয় পক্ষের নারী, শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়।

কুট্টাপাড়া গ্রামের আউলিয়া বেগম (৪১), মুসা মিয়া (২৬), সফর আলী (৩০), হালিম মিয়া (১৮), সাগর মিয়া (২৭), হৃদয় মিয়া (২১) ও ফাহিম মিয়াকে (১৩) চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। খাঁটিহাতা গ্রামের রায়হান মিয়া (৩০), কাউছার মিয়া (২২), সুমন মিয়া (২২), হাফিজ উদ্দিন (২৫), কালু মিয়া (৩০), সাগর মিয়া (২০) ও হেলাল উদ্দিনকে (৩৫) জেলা সদরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অন্যদের জেলা সদর হাসপাতাল ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২২৪টি রাবার বুলেট ও সাতটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ বাদী হয়ে মামলা করবে।

সদর থানার ওসি মঈনুর রহমান বলেন, এ ঘটনায় বুধল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ার‍ম্যান আবদুল হককে আটক করা হয়েছে।